সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম হত্যাচেষ্টার মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুল আলমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ সিলেটের অতিরিক্ত মহানগর বিচারিক হাকিম বেগম উম্মে সরাবন তহুরার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
খাদিজাকে হত্যাচেষ্টার ঘটনার এক মাস পাঁচ দিনের মাথায় এ অভিযোগপত্র দেওয়া হলো। এতে ৩৬ জনকে সাক্ষী রাখা হয়েছে। আলামত হিসেবে খাদিজাকে কোপানোর চাপাতি, খাদিজার রক্তমাখা জামা, মুঠোফোনে ধারণ করা খাদিজাকে কোপানোর ভিডিও চিত্র এবং বদরুলকে ধরে গণপিটুনির পর পুলিশে সোপর্দের আরও দুটি ভিডিও চিত্র অভিযোগপত্রের সঙ্গে আদালতে জমা দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ এসব বিষয় প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগপত্রে বদরুলকে এককভাবে অভিযুক্ত করা হয়েছে। ইন্ধনদাতা হিসেবে কারও নাম নেই। বদরুল ধরা পড়ার পর আদালতে দেওয়া তাঁর জবানবন্দিতে খাদিজার সঙ্গে প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে কোপানোর ঘটনাটি ঘটিয়েছেন বলে দাবি করলেও পুলিশ এ তথ্যের সত্যতা পায়নি। তাই অভিযোগপত্রে এ বিষয়েরও উল্লেখ নেই।
খাদিজাকে উত্ত্যক্ত করার ধারাবাহিকতা থেকে বদরুল তাঁকে কোপান বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে আদালতে দেওয়া জবানবন্দিতে বদরুল ঘটনার দিন সকাল থেকে বিকেল পর্যন্ত এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজার ওপর নজর রাখা ও কোপানোর জন্য আম্বরখানা থেকে চাপাতি কেনার যেসব তথ্য দিয়েছেন তার সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার পর খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা বদরুল। হামলার পরদিন ৪ অক্টোবর সিলেটের শাহপরান থানায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বদরুলকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় গ্রেপ্তার হওয়া বদরুল ৫ অক্টোবর আদালতে জবানবন্দিতে ঘটনার দায় স্বীকার করেছেন।
খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।