বদরুলের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি বিএনপির
কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী বদরুল আলমের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে নগর বিএনপির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে বিএনপির নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, হামলাকারী ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। তাই বিশেষ ট্রাইব্যুনালে বিচার না হলে বিচারকার্য প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে। সাধারণ মানুষের মনে এ আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে নগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, চিকিৎসক নাজমুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী সামিয়া চৌধুরী ও শাখা কমিটির নেতারা বক্তব্য দেন।