বদরুলের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে সিলেট জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জেলা বিএনপি আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বিএনপির এ মানববন্ধন ছাড়াও সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট’ ও বিশ্বনাথ উপজেলা সদরে ‘বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’র ব্যানারে বিভিন্ন সামাজিক-পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন করেন।
৩ অক্টোবর সিলেট এমসি কলেজে পরীক্ষার হল থেকে বের হওয়ার পথে খাদিজাকে কুপিয়ে আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল। পরে বদরুলকে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল দুপুরে জেলা বিএনপির মানববন্ধন চলাকালে হয় সমাবেশও। এ সময় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহমদ, সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ছাত্রদলের জেলা সভাপতি সাঈদ আহমদ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ভবিষ্যতে খাদিজাদের ওপর আরও আক্রমণ ঠেকাতে হামলাকারী বদরুলের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। কিন্তু বদরুলের রাজনৈতিক পরিচয় থাকায় এ ঘটনার বিচার দ্রুত হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে সংশয় রয়েছে। তাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তাঁরা।
খাদিজার ওপর হামলা প্রমাণ করে ছাত্রীরা নিরাপদ নয়: সিলেট প্রতিনিধি জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কলেজছাত্রী খাদিজার ওপর হামলার ঘটনা প্রমাণ করে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা নিরাপদ নয়। এ ধরনের হামলা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে। যুবসমাজের অবক্ষয় রোধ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিলেট নগরের আরামবাগ এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে ১৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন এবং ২০ অক্টোবর সমাবেশ।
সভায় সভাপতিত্ব করেন সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাসচিব সোহরাব হোসেন ও সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল দেশে জঙ্গিবাদ ছড়ানোর অপচেষ্টা করছে। সরকার জঙ্গিবাদবিরোধী সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদেরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
জঙ্গিবাদ মোকাবিলার ক্ষেত্রে সামাজিক সচেতনতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, সন্তানদের প্রতি মা-বাবার যথাযথ নজরদারি রাখতে হবে। এর বাইরে শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।