বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারী বদরুল আলমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করে আজ বুধবার দিনভর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রীসহ খাদিজার গ্রামের বাড়িতে শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘খাদিজাকে কুপিয়ে নির্মমভাবে আহত করার ঘটনাকে কাপুরুষোচিত, বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা। এটা নৈতিক স্খলন ও অবক্ষয়। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। প্রকাশ্যে দিবালোকে বদরুল যে ঘটনা ঘটিয়েছে, তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সে যে-ই হোক, যে দলের হোক, সে রেহাই পাবে না।’

শিক্ষামন্ত্রী যেসব ছাত্র খাদিজার ওপর হামলাকারী বদরুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন, তাঁদেরসহ পুলিশ প্রশাসনকেও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। তিনি আজ বিকেলে মহানগর পুলিশ ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে মুঠোফোনে খাদিজার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

খাদিজার চাচা আবদুল কাইয়ুম জানান, শিক্ষামন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেছেন, সরকার খাদিজার পরিবারের সঙ্গে আছে, থাকবে—তাঁদের সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা দেওয়া হবে।