বদলগাছি মডেল উচ্চবিদ্যালয় মাঠে হাট বসানো নিষেধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শনিবার থেকে নওগাঁর বদলগাছি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আর হাট-বাজার বসবে না। সেখানে হাট-বাজার বসানো নিষিদ্ধ করে মাইকিং করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার হাটের দিনে এ মাইকিং করা হয়।
বদলগাছি মডেল উচ্চবিদ্যালয় মাঠে হাট-বাজার বসা নিয়ে গত ২৮ জুলাই প্রথম আলোয় ‘দোকানি ও হাটুরেদের ঠেলে বিদ্যালয়ে আসা-যাওয়া’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ হাট-বাজার ইজারাদারের সঙ্গে বৈঠক করে বিদ্যালয় মাঠে হাট-বাজার না বসানোর সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সুরেশ সিংহ।
বদলগাছি উচ্চবিদ্যালয় মাঠ দখল করে সপ্তাহে দুদিন শনি ও বুধবার হাট বসে। এই দুদিন বিদ্যালয়ের প্রায় আট শ শিক্ষার্থীকে দোকানি ও হাটুরেদের ভিড় ঠেলে আসা-যাওয়া করতে হয়। হাট ঘিরে বিদ্যালয় মাঠে ট্রাক ও ভটভটি চলায় মাটি উঠে খেলার পরিবেশ নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না।
বিদ্যালয় মাঠে হাট-বাজার না বসানোর সিদ্ধান্তে শিক্ষার্থীরা খুবই খুশি। নাহিদ হোসেন নামে এক ছাত্র বলেছে, আর দোকানি ও হাটুরেদের ভিড় ঠেলে বিদ্যালয়ে যেতে হবে না ভেবে খুবই ভালো লাগছে।