বদলগাছিতে দলিল লেখকদের চাঁদাবাজি
নওগাঁর বদলগাছি উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল লেখক সমিতির নামে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরকারিভাবে প্রতি লাখ টাকায় জমির দলিল খরচ নেওয়া হয় নয় হাজার টাকা। এলাকার ভুক্তভোগী লোকজন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সেখানকার দলিল লেখকেরা দলিল করতে আসা লোকজনের কাছ থেকে সরকারি খরচের বাইরে প্রথম লাখে সাড়ে পাঁচ হাজার টাকা ও পরবর্তী প্রতি লাখে দেড় হাজার টাকা করে নিচ্ছেন। এই টাকা নেওয়া হচ্ছে দলিল লেখক সমিতির নামে। এভাবে ওই সমিতি প্রতি মাসে কমপক্ষে আট লাখ টাকা চাঁদা আদায় করে। কেউ সমিতির নির্ধারিত চাঁদা দিতে না চাইলে দলিল লেখকেরা তাঁর দলিলই লেখেন না।
গত ২৩ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, দলিল লেখক ইয়াকুব আলী তাঁর সেরেস্তায় আবদুল্লা আল মামুন ও টিপু নামের দুই ব্যক্তির সঙ্গে তর্কাতর্কি করছেন। এ সময় আবদুল্লা আল মামুন জানান, তিনি ছোট ভাই টিপুকে হেবা দলিল করে দেবেন। ইয়াকুব তাঁদের কাছে হেবা দলিল বাবদ তিন হাজার ২৬০ টাকা দাবি করছেন। অথচ হেবা দলিল করতে স্ট্যাম্প, সরকারি ফি ও দলিল লেখাসহ ৮০০ টাকার ওপরে হওয়ার কথা নয়।
তবে ইয়াকুব বলেন, ওই টাকার মধ্যে দলিল লেখক সমিতির চাঁদা, অফিস খরচ, সরকারি ফি, তাঁর লেখা বাবদ টাকা—সবই ধরা আছে। ওই টাকার কমে তিনি দলিল লিখতে পারবেন না। এ সময় তিনি আবদুল্লা আল মামুন ও টিপুকে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোকলেছার রহমানের কাছে গিয়ে দলিল লিখে নিতে বলেন। একপর্যায়ে তাঁরা মোকলেছারের সেরেস্তায় যান। মোকলেছারও হেবা দলিল খরচ বাবদ একই টাকা দাবি করেন।
আবদুল্লা আল মামুন জানান, একপর্যায়ে তাঁরা সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামের সঙ্গে এ বিষয়ে কথা বলতে তাঁর কার্যালয়ে যান। তাঁরা ঘটনাটি তাঁকে জানান। রফিকুল মুঠোফোনে দলিল লেখকের সঙ্গে কথা বলেন। রফিকুল তাঁদের আবার দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়ে দেন। তাঁরা আবার মোকলেছারের কাছে গেলে তিনি একই টাকা দাবি করেন। সেখান থেকে আবদুল্লা ঘটনাটি রফিকুলকে মুঠোফোনে জানান। রফিকুল তাঁদের অন্য দলিল লেখকের কাছে যেতে বলেন। অন্য দলিল লেখকের কাছে গেলে তিনিও একই টাকা দাবি করেন। ২৪ সেপ্টেম্বর অন্য উপজেলার দলিল লেখককে দিয়ে দলিল লিখে তাঁরা রফিকুলের কাছে হেবা দলিল করেন। এতে তাঁদের ৭৬০ টাকা খরচ হয়।
আক্কেলপুর সদরের বাসিন্দা ছাত্তার কবিরাজ অভিযোগ করেন, হেবা দলিল করতে সাড়ে সাত শ টাকার স্থলে তাঁর কাছ থেকে মোকলেছার ১৩ হাজার টাকা নিয়েছেন।
বদলগাছির কোলা গ্রামের রেজাউর নবী বলেন, ‘সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মুহুরিরা দিনদুপুরে ডাকাতি করছেন। দলিল লেখকেরা তাঁদের সমিতির নামে প্রথম লাখে সাড়ে পাঁচ হাজার ও পরবর্তী প্রতি লাখে দেড় হাজার টাকা করে চাঁদা নিচ্ছেন।’
চকতাহের গ্রামের লিটন মিয়া বলেন, সাব-রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিদিন ৮-১০টি দলিল হয়। এখান থেকে সমিতির নামে প্রতিদিন ২৫-৩০ হাজার টাকা তোলা হয়। এভাবে প্রতি মাসে সমিতির নামে কমপক্ষে আট লাখ টাকা চাঁদা আদায় করা হয়।
মোকলেছার সমিতির নামে চাঁদা নেওয়ার কথা স্বীকার করে জানান, সমিতির নামে নেওয়া চাঁদার টাকা সব দলিল লেখকই ভাগ পান। সমিতি থেকে অনেককেই সাহায্য-সহযোগিতা করতে হয়। রফিকুল ইসলাম জানান, দলিল লেখকেরা সমিতির নামে অতিরিক্ত টাকা নিচ্ছেন বলে তিনি শুনেছেন। কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। বদলগাছির ইউএনও শওকত হুসাইন বলেন, খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।