নওগাঁর বদলগাছি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির একজন প্রার্থীও বিজয়ী হতে পারেননি। উপজেলার আটটি ইউপির মধ্যে একটিতেও বিএনপিদলীয় চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হননি। এমনকি তিনটি ইউপিতে বিএনপির দলীয় প্রার্থীরা জামানতের টাকাও খুইয়েছেন। স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় বিপর্যয় হয়েছে বলে মনে করছে দলটির নেতা-কর্মীরা।
উপজেলার আটটির মধ্যে চারটি আওয়ামী লীগদলীয় প্রার্থী, অন্য চারটির মধ্যে দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং দুটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত ফলাফলের তালিকায় দেখা যায়, আটটির মধ্যে তিনটি ইউপিতে বিএনপির দলীয় প্রার্থীরা জামানত খুইয়েছেন। তাঁরা হলেন পাহাড়পুর ইউপিতে সুলতান মাহমুদ, বদলগাছি সদর ইউপিতে সবুর চৌধুরী ও বিলাসবাড়ি ইউপিতে সাজ্জাক হোসেন। মোট ভোটের ৮ ভাগের ১ ভাগও না পেলে প্রার্থীর জামানত খোয়া যাওয়ার বিধান রয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানায়, বদলগাছি ইউপি নির্বাচনে তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করা হয়েছিল। দলের উপজেলা ও জেলা কমিটি প্রার্থীদের নামের তালিকা সুপারিশ করে দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠায়। কেন্দ্রীয় বিএনপি এ সুপারিশকে পাশ কাটিয়ে আটটির মধ্যে পাঁচটি ইউপিতে সাবেক ডেপুটি স্পিকারের সমর্থিত এবং তিনটি ইউপিতে উপজেলা বিএনপির ঘোষণা করা প্রার্থীকে মনোনয়ন দেয়। দলের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূলের বাছাই করা পাঁচটি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হন।
বদলগাছি উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কোলা ইউপির দলীয় চেয়ারম্যান প্রার্থী গোলাম রব্বানী বলেন, দলে বিদ্রোহী প্রার্থী ও নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় দলীয় প্রার্থীরা জিততে পারেননি।