বদলগাছিতে মেলার নামে চলছে জুয়া ও অশ্লীল নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে দুই মাস ধরে মেলার নামে চলছে জুয়া ও অশ্লীল নাচ। মেলা বন্ধের দাবিতে গত শনিবার প্রেসক্লাবে প্রতিরোধ কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিরোধ কমিটির সদস্যসচিব সামসুল হক বলেন, ‘পুলিশ-প্রশাসনের সহায়তায় দুই মাস ধরে মির্জাপুরে মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার নামের একটি ক্লাব এ মেলা চালাচ্ছে। মেলার নামে যে জুয়া চলছে, তাতে এলাকার অনেক সাধারণ মানুষ নিঃস্ব হয়ে গেছে। মেলায় প্রতি রাতে যাত্রায় চলছে অশ্লীল নাচ। এসব দেখে এলাকার যুবসমাজের চরম অবক্ষয় হচ্ছে। তাই জরুির ভিত্তিতে মেলা বন্ধে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিদের সহযোিগতা কামনা করছি।’
মির্জাপুর গ্রামের অনেকে জানান, এ মেলাকে কেন্দ্র করে এলাকায় পর পর দুটি খুনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে বদলগাছির মুকুন্দপুর গ্রামের মাঠে আজিজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়। আজিজুলের বাড়ি ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামে। তাঁদের ধারণা, জুয়ার টাকা নিতে আজিজুলকে দুর্বৃত্তরা হত্যা করেছে৷
এর আগে ৪ জুন বদলগাছির পাশের উপজেলা মহাদেবপুরে রুহুল আমিন (২৮) নামের এক অটোরিকশাচালককে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। রুহুল উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা সরকারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ জুন রাতে মহাদেবপুর বাজার থেকে মির্জাপুরে মেলায় যাওয়ার কথা বলে একদল দুর্বৃত্ত রুহুল আমিনের অটোরিকশা ভাড়া নেয়। কিন্তু সড়কের ঝলঝলিয়া এলাকায় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, জুয়ার টাকা জোগাতে তাঁকে খুন করে দুর্বৃত্তরা৷
বদলগাছি থানার ওসি আজিজুল হক বলেন, মেলা কমিটি হাইকোর্টের নির্দেশ নিয়ে মেলা চালাচ্ছে৷ এ বিষয়ে পুলিশের কিছু করার নেই।