বদলগাছিতে রাস্তা কাটায় ভোগান্তিতে গ্রামবাসী

নওগাঁর বদলগাছি উপজেলার পাত্রাবাড়ি উত্তরপাড়া গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তাটি দুই পাশের জমির মালিক মন্টু মিয়া ও নাছরিন বেগম কেটে ফেলেছেন। এতে ওই গ্রামের শতাধিক পরিবার ভোগান্তির শিকার হচ্ছেন।
রাস্তা না থাকায় ওই গ্রামের বাসিন্দাদের জমির আল দিয়ে চলাচল করতে হচ্ছে। রিকসা-ভ্যান কিছুই গ্রামের ভেতরে যাচ্ছে না। এ কারণে চলাচলের রাস্তার দাবিতে গত শুক্রবার গ্রামবাসী মানববন্ধন করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পাত্রাবাড়ি উত্তরপাড়া গ্রামের লোকজন প্রায় ১০০ বছর ধরে রাস্তাটি দিয়ে চলাচল করছেন। মাটির ওই রাস্তাটি অপ্রশস্ত ছিল। এতে চলাচলে অসুবিধা হচ্ছিল। রমজান মাসে গ্রামের লোকজন মাটি কেটে রাস্তাটি প্রশস্ত করেন। পরে আধাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) কর্মসৃজন প্রকল্পের আওতায় মাটি ফেলে রাস্তাটি সংস্কার করা হয়। এতে আপত্তি করেন রাস্তার দুই পাশের জমির মালিক মন্টু ও নাছরিন। তাঁরা লোকজন এনে মাটি কেটে প্রথমে ১২০ ফুট রাস্তা সরু করেন। নাছরিন পাত্রাবাড়ি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা হলেও গ্রামে থাকেন না। আর মন্টু পাশের পুকুরিয়া গ্রামের বাসিন্দা। তাঁরা রাস্তা কেটে জমির সমান করায় এখন গ্রামের লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁরা আরও বলেন, গ্রামে আসা-যাওয়ার ওই রাস্তাটি ২০০ ফুট লম্বা। এর মধ্যে ১২০ ফুট মন্টু ও নাছরিনের জমির ওপর দিয়ে গেছে। গ্রামের লোকজন ওই দুই ব্যক্তিকে টাকার বিনিময়ে ১২০ ফুট জায়গা ছেড়ে দিতে বলেছিলেন। তাঁরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে তাঁদের জমি দিয়ে রাস্তা করতে দেবেন না বলে জানান। ইউপি থেকে রাস্তাটি সংস্কারের পরদিনই মন্টু ও নাছরিন ভাড়াটিয়া লোকজন এনে রাস্তাটি কেটে ফেলেন। গ্রামবাসী ঘটনাটি স্থানীয় সাংসদ ছলিমউদ্দিন তরফদার, উপজেলা চেয়ারম্যান রুমি চৌধুরী, ইউএনও হুসাইন শওকত, স্থানীয় আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীকে জানান। তাঁরা বিষয়টি সমাধানের আশ্বাস দেন। কিন্তু ঈদের পরদিন জমির দুই মালিক ফের ভাড়াটিয়া লোকজন লাগিয়ে ১২০ ফুট রাস্তাটি পুরোটা কেটে ফেলেন। পরে ওই ঘটনার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করেন। আধাইপুরের ইউপি সদস্য ও পাত্রাবাড়ি গ্রামের বাসিন্দা খালেকুল ইসলাম বলেন, রাস্তা না থাকায় গ্রামের লোকজন দুর্ভোগের শিকার হচ্ছেন। জমির মালিক মন্টু ও নাছরিন বলেন, ‘আমাদের জমির ওপর দিয়ে জোর করে রাস্তা নির্মাণ করা হয়েছিল। এ কারণে আমরা জমি থেকে মাটি সরিয়ে দিয়েছি। এটি সরকারি রাস্তা নয়।’
ইউপি চেয়ারম্যান জাকির বলেন, রাস্তাটি সরকারি ছিল না। গ্রামের লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে রাস্তাটি ইউপি থেকে সংস্কার করা হয়। রাস্তা কেটে ফেলায় ওই গ্রামের লোকজন দুর্ভোগের শিকার হচ্ছেন। ইউএনও হুসাইন শওকত বলেন, ‘রাস্তা পরির্দশনে গিয়েছিলাম। বিষয়টি সমাধানের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) দায়িত্ব দেওয়া হয়েছে।’