নওগাঁর বদলগাছির কোলা বাজারে ইউনিয়ন পরিষদের (ইউপি) মার্কেটে দোকানঘরের তালা ভাঙার প্রতিবাদে গতকাল সোমবার ধর্মঘট পালিত হয়েছে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাজারের দুই শতাধিক ব্যবসায়ী দোকান বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেন। পরে বাজারে তাঁরা প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে কোলা বাজার বণিক সমিতির সভাপতি সুজাউল ইসলাম কুদ্দুসসহ ব্যবসায়ীরা বক্তব্য দেন। তাঁরা অভিযোগ করেন, ব্যবসায়ীরা নিয়ম মেনেই ইউপি মার্কেটের সাতটি দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন। সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী মুকুল দোকানঘরগুলো ভাড়া দিয়েছিলেন। এ বিষয়ে চুক্তিনামাও আছে। কিন্তু বর্তমান ইউপি চেয়ারম্যান এসকেন্দার মীর্জা ও তাঁর লোকজন দোকানঘরগুলোর তালা ভেঙে ফেলে নতুন তালা লাগিয়ে দিয়েছেন। এ সময় মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে গতকাল রাত আটটার দিকে চেয়ারম্যান এসকেন্দার মীর্জার মুঠোফোনে ফোন করলে অন্য আরেক ব্যক্তি বলেন, চেয়ারম্যান ব্যস্ত আছেন। এর আগে গত রোববার এসকেন্দার মীর্জা প্রথম আলোকে বলেছিলেন, ‘কোনো ইউপি চেয়ারম্যান কাউকে ৩০ বছর মেয়াদি দোকানঘর ভাড়া দিতে পারেন না। কয়েকজন এই ইউপি মার্কেটের সাতটি দোকানঘর অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তাঁদের দোকানঘর ছাড়তে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা ছাড়েননি। আমি ইউপির সচিব ও চৌকিদারদের নিয়ে গিয়ে দোকানঘরে তালা দিয়েছি। কোনো মালামাল লুট হয়নি।’
এ বিষয়ে গতকাল প্রথম আলোয় ‘চেয়ারম্যানের বিরুদ্ধে দোকান ভাঙা ও লুটের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আজ (গতকাল সোমবার) উভয় পক্ষই থানায় এসেছিল। বিষয়টির সুরাহা হয়নি। আগামীকাল (আজ মঙ্গলবার) উভয় পক্ষকে নিয়ে আবার আলোচনায় বসা হবে।