বদলগাছীতে তিন খুনের ঘটনায় মামলা, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছী উপজেলার উজালপুর গ্রামের তিন খুনের ঘটনায় গত শনিবার মামলা হয়েছে৷ তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷
গত শুক্রবার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তিন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেন৷ পরে এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী ও নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনেরা গত শনিবার সকালে জড়িত চার ব্যক্তির বাড়ি ভাঙচুর করেন এবং পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন৷ এতে চারটি ঘর পুড়ে গেছে।
পুলিশ জানায়, ওই তিনজনকে হত্যার ঘটনায় গত শনিবার রাতে ২৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত দুলু হোসেনের ছেলে নীরব হোসেন বাদী হয়ে এই মামলা করেছেন।
গতকাল রোববার সরেজমিনে ওই গ্রামে দেখা গেছে, গ্রামটিতে ঢোকার মুখে পুলিশ পাহারা বসানো হয়েছে। আগুনে পুড়িয়ে দেওয়া চারটি বাড়ির সামনেও পুলিশ রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের বাড়ি ও আগুনে পুড়িয়ে দেওয়া বাড়িগুলো দেখতে এলাকার বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসছেন।
গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন খুনের ঘটনার পর গ্রামটিতে এখনো আতঙ্ক কাটেনি। মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় এলাকার লোকজনের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে।