বদলগাছীতে ব্যবসায়ী খুন
নওগাঁর বদলগাছী থানার পুলিশ গতকাল রোববার সকালে উপজেলার তেজপাড়া গ্রামের একটি সেচঘর সংলগ্ন এলাকা থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক তেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে। সাইফুল তেজপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। তিনি নিজ বাড়িতে ঘানিতে ভাঙানো সরিষার তেল উৎপাদন করে হাটে বিক্রি করতেন। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রাত ১০টার দিকে ওই এলাকার একটি সেচ মেশিনের পাহারাদার ঘটনাস্থলে সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, সন্ত্রাসীরা সাইফুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের সময় পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুলের ব্যবহার করা একটি বাইসাইকেল ও তাঁর শরীরে বেঁধে রাখা নগদ ১০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে। আলমগীর হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে ওই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে তাঁদের ধারণা। এ ব্যাপারে সাইফুলের ভাই আবদুল জলিল গতকাল দুপুরে থানায় একটি মামলা করেছেন।