নওগাঁর বদলগাছী উপজেলায় একদল ছিনতাইকারী এক যুবককে হত্যা করে তাঁর মোটরসাইকেল নিয়ে গেছে। রাজশাহীর বাগমারায় ছেলেদের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী নগরে এক ভিক্ষুককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনি ও রোববার এ ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর;নওগাঁ: বদলগাছী উপজেলার উজালপুর গ্রাম এলাকায় গত রোববার রাতে ছিনতাইকারীরা কিবরিয়া হোসেন (২৪) নামের এক ব্যবসায়ীকে হত্যা করে একটি টিভিএস মোটরসাইকেল, মুঠোফোনের সেট ও টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় মোটরসাইকেলের অপর আরোহী এলাহী (২৭) নামের এক যুবক আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিবরিয়া ও এলাহীর বাড়ি বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, কিবরিয়া ও এলাহী মিঠাপুর গ্রাম থেকে মিঠাপুর-আক্কেলপুর সড়ক দিয়ে আক্কেলপুর উপজেলা সদরের ঢাকা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টায় উজালপুরে এলাকায় পৌঁছালে আট-নয়জনের ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা কিবরিয়া ও এলাহীকে ছুরিকাঘাত ও ইট দিয়ে আঘাত করে। এতে কিবরিয়া নিহত হন। এ ঘটনায় গতকাল বদলগাছী থানায় হত্যা মামলা হয়েছে। বাগমারা (রাজশাহী): রাজশাহীর বাগমারা উপজেলার উত্তর একডালা গ্রামের বেশারতুল্যাকে (৫২) গত শনিবার হত্যা করা হয়েছে। বাড়ির পাশ থেকে বাঁশ কাটার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁর দুই ছেলে ফরহাদ হোসেন, ফায়সাল হোসেন ও ফরহাদ হোসেনের শ্বশুর শুকুর আলি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা গোপনে দাফনের জন্য চেষ্টা চালালে পুলিশ কাফনের কাপড় মোড়ানো অবস্থায় গত রোববার বেশারতুল্যার লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে বেশারতুল্যার ছেলেরা গা-ঢাকা দিয়েছেন।রাজশাহী: নগরের বালিয়াপুকুর খাসপাড়া এলাকার বাসিন্দা সুরাজ আলীর বিরুদ্ধে নূর আলী (৬৫) নামের এক ভিক্ষুককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। বোয়ালিয়া থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ভিক্ষুক নূর আলী সুরাজের বাড়িতে থেকে নগরে ভিক্ষা করতেন। রোববার রাত ১১টার দিকে ভিক্ষুক নূর আলী ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় সুরাজ কুড়াল দিয়ে মাথায় কোপ দিলে নূর আলী মারা যান। বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। সুরাজকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নূর আলীর ছেলে আসাদুজ্জামান বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেছেন।