বদলা নিতে মেডিকেল ছাত্রকে কুপিয়ে জখম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রেজা হাসান ওরফে ত্বকীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে৷ গতকাল শনিবার ময়মনসিংহ শহরের আলিয়া মাদ্রাসা সড়কে এ ঘটনা ঘটে৷ একটি খুনের ঘটনার বদলা নিতে লিমন নামের এক ইজিবাইকচালক তাঁকে কুপিয়েছেন বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও আহতের পরিবার অভিযোগ করেছে৷
রেজা হাসান (২৩) মেডিকেল কলেজের ৪৮তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি শহরের বাঘমারায় অবস্থিত মেডিকেল কলেজের হোস্টেল ও পাশের কৃষ্টপুর এলাকায় বোনের বাসায় থাকতেন। তাঁর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরা গতকাল বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন৷ একই দাবিতে আজ রোববার থেকে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন।
পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে রেজা হাসান তাঁর বোনের বাসা থেকে বেরিয়ে আিলয়া মাদ্রাসা সড়কে আসেন৷ এ সময় কৃষ্টপুর এলাকার লিমন ধারালো দা দিয়ে এলোপাতারি কুপিয়ে তাঁকে আহত করেন। বেশ কিছুক্ষণ পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বেলা দুইটার দিকে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে লিমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি৷
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ রাতে কৃষ্টপুর এলাকার দিপু নামের এক তরুণ মেডিকেল হোস্টেলে গোসল করতে যান৷ এ সময় চুরি করতে যাওয়ার অভিযোগ তুলে হোস্টেলের শিক্ষার্থীরা তাঁকে নির্যাতন করেন। পরদিন সকাল ১০টার দিকে দিপু মারা যান।
মেডিকেল কলেজের হোস্টেল সুপার ও শিক্ষক তারিকুল ইসলাম বলেন, দিপু নামের ওই তরুণের মৃত্যুর পর কৃষ্টপুর এলাকার ছেলেরা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ওই ঘটনার জের ধরেই রেজাকে তাঁরা কুপিয়ে থাকতে পারেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার উপপরিদর্শক খন্দকার শাকের আহমেদ জানান, মামলা হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷