বদলি-আতঙ্কে শিক্ষকেরা
রংপুর বিভাগের আট জেলার ৩৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার ৬০০ শিক্ষক বদলি-আতঙ্কে ভুগছেন। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপপরিচালক চিন্ময় বাড়ৈ নানা অজুহাতে শিক্ষকদের বিভিন্ন প্রতিষ্ঠানে অহরহ বদলি করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।চিন্ময় বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘সরকারি বিদ্যালয়ের যেসব শিক্ষক প্রাইভেট পড়ানোর বাণিজ্যে ব্যস্ত এবং শিক্ষার্থীদের তাঁদের কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে চলেছেন, সেসব শিক্ষকের সরানোর নির্দেশ রয়েছে। আর আমি সেই নির্দেশই আন্তরিকতার সঙ্গে পালন করে চলেছি।’খোঁজ নিয়ে জানা গেছে, নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে গত বছরের মে মাসে দিনাজপুরের বাংলা হিলি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়েছে বিরামপুর উপজেলার সোহেলী আখতারকে। একই সময়ে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে দিনাজপুর জিলা স্কুলে বদলি করা হয় ফারজানা কুইনকে। গত বছরের জানুয়ারি মাসে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামানকে দিনাজপুর জিলা স্কুলে বদলি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত করা হয় দিনাজপুরের হোসাইন আহমেদ। দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বাংলার শিক্ষক সুভাষ চন্দ্র অধিকারীকে গত জুলাইয়ে কুড়িগ্রামের উলিপুর বালিকা উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়। সেখানে যোগ দিয়ে তিনি প্রায় ছয় মাস অসুস্থতাজনিত ছুটি কাটান। ১৩ জানুয়ারি তাকে আবার দিনাজপুর জিলা স্কুলে বদলি করা হয়। একই সময়ে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে দিনাজপুর জিলা স্কুলে এসেছেন চিত্তরঞ্জন রায়।ভুক্তভোগী শিক্ষকেরা জানান, উপপরিচালক বদলির আগে তাদের শিক্ষককে সংশ্লিষ্ট এলাকার সাংসদ ও গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশ (ডিও লেটার) জমা দিতে বলেন। এরপরও তাদের এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। টাকা ছাড়া কেউ বদলি হতে পারেননি। তবে চিন্ময় বাড়ৈ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ঘুষ নিয়ে কোনো শিক্ষককে বদলি করি নাই।’দিনাজপুর জিলা স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক মো. শাহাদাৎ হোসেন বলেন, সম্প্রতি এই স্কুল থেকে দুজন শিক্ষককে বদলি করা হয়েছে। এতে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হচ্ছে। দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর অভিভাবক মো. ওয়াহেদুল আজাদ বলেন, ‘এই বিদ্যালয়ে দুই শিফটে লেখাপড়া চলে। কিন্তু গণিত একমাত্র শিক্ষক পদ্ম পলাশ মণ্ডলকে সাত মাস আগে বাংলা হিলি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়েছে। অথচ এখানে শরীরচর্চার শিক্ষক রয়েছেন সাতজন।’ পদ্ম পলাশ মণ্ডল বলেন, ‘বাংলা হিলি স্কুলে একটি শিফট। এখানে গণিতের শিক্ষক আছেন। আমাকে কোনো ক্লাস নিতে হয় না।’দিনাজপুর জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, দিনাজপুর জিলা স্কুল দেশের সেরা স্কুলগুলোর একটি। এ অবস্থায় স্কুলটি থেকে শিক্ষক-বদলির বিষয়টি উদ্বেগজনক। দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম প্রথম আলোকে বলেন, ‘উপপরিচালক চিন্ময় বাড়ৈ ফোন ধরেন না, কথা শোনেন না। দিনাজপুর জিলা ও গার্লস স্কুল থেকে যেভাবে শিক্ষকদের বদলি করা হচ্ছে, তাতে জেলার সংশ্লিষ্টরা ভবিষ্যতে স্কুলগুলোর ফলবিপর্যয়ের আশঙ্কা করেছেন। শিক্ষার্থীদের অভিভাবকেরা ফোন করে এমনকি বাসায় এসেও তাঁদের উদ্বেগের কথা বলছেন। বাধ্য হয়ে আমি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে দিনাজপুরবাসীর উদ্বেগের কথা জানিয়েছি।’