বদলি ও প্রেষণে শহরে আট চিকিৎসক, আছেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক-সংকটে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বদলি ও প্রেষণে আটজন চিকিৎসক শহর এলাকার হাসপাতালগুলোতে চলে যাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। চাকরিবিধি ও প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে গত তিন মাসে এখানে অ্যাডহকে নিয়োগ পাওয়া তিনজন চিকিৎসক বদলি হয়ে অন্যত্র চলে গেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের ১১টি পদ আছে। এর মধ্যে এখন কর্মরত আছেন মাত্র তিনজন। তাঁরা হলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জি এম শাহা, অবেদনবিদ সামছুস জোহা এবং চিকিৎসা কর্মকর্তা সহিদুল ইসলাম। আরেক চিকিৎসা কর্মকর্তা সুশান শারমিন জয়পুরহাট সদর হাসপাতালে দুই বছর ধরে প্রেষণে আছেন। সহিদুল ইসলাম ও সামছুস জোহাকে আন্ত ও বহির্বিভাগে প্রতিদিন কয়েক শ রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হয়। জি এম শাহা দাপ্তরিক কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা গেছে, গত এক বছরে এ হাসপাতাল থেকে আটজন বদলি হয়ে গেছেন। তাঁদের মধ্যে অ্যাডহকে নিয়োগ পাওয়া তিনজন চিকিৎসা কর্মকর্তা মে ও মার্চ মাসে বদলি হয়েছেন। ২০১০ সালে তাঁরা নিয়োগ পেয়েছিলেন।অন্যদের মধ্যে সহকারী সার্জন আবু নাসের ফয়সাল ২০১০ সালের ৫ আগস্ট, গাইনি বিশেষজ্ঞ মমতাজ হোসেন ২২ নভেম্বর, চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আলী চৌধুরী ২০ ডিসেম্বর ও মুনছুর রহমান গত ২৩ মার্চ বদলি হয়ে অন্যত্র চলে যান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জি এম শাহা বলেন, ‘গাইনি চিকিৎসক বদলি হওয়ার পর মহাবিপদেই আছি। সিভিল সার্জন স্যারকে বিষয়টি জানিয়েছি। এখনো কোনো ব্যবস্থা হয়নি।’সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন বলেন, চিকিৎসক বদলি বন্ধ করার বিষয়ে তাঁর কিছুই করার নেই। তবে প্রসূতি ও শিশু স্বাস্থ্যসেবার কার্যক্রম চালু থাকায় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিগগিরই একজন গাইনি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে। তিনি আরও বলেন, চাকরিবিধি অনুযায়ী অ্যাডহকে নিয়োগ পাওয়া চিকিৎসকদের প্রথম কর্মস্থলে কমপক্ষে দুই বছর চাকরি করার কথা। কিন্তু ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়োগ পাওয়া চিকিৎসকেরা এ বিধি লঙ্ঘন করে বদলি হয়ে গেছেন।