স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, বিশেষজ্ঞ চিকিৎসকেরা ঢাকার বাইরে গেলে সাধারণ মানুষ হূদেরাগের প্রাথমিক সেবা পেতে পারে। কিন্তু বদলি করলেই চিকিৎসকেরা সিদ্ধান্ত ঠেকাতে তদবির করতে থাকেন। গতকাল শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির জাতীয় সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘সম্মেলন উপলক্ষে সোসাইটি যে স্মরণিকা বের করেছে তাতে দেখা যাচ্ছে, এর সদস্য সংখ্যা ৭৪৬ জন। ৬০টি জেলায় ১০ জন করে বিশেষজ্ঞ থাকলে সেবা দেওয়া কোনো ব্যাপার নয়। কিন্তু বদলি করলেই চিকিৎসকেরা একে-ওকে ধরে আমাকে টেলিফোন করেন।’ তিনি বলেন, রংপুরে হূদেরাগের ইউনিট চালুর পরদিন আর লোক খুঁজে পাওয়া যায়নি।তরুণ চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো রকমে ডিগ্রি নিয়ে নামের শেষে এ বি সি ডি লিখে বিকেলবেলা বসলেই হবে না। কাজ শিখতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া বলেন, সরকারি হাসপাতালে সহযোগী অধ্যাপকের ১২টি পদের মধ্যে ১০টি ও সহকারী অধ্যাপকের ২৪টি পদের অর্ধেক শূন্য। কার্ডিয়াক সার্জন পদে একজনও নিয়মিত নন।কার্ডিয়াক সোসাইটির মহাসচিব খাজা নাসিরুদ্দীন মাহমুদ বলেন, হূদেরাগে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা-ব্যবস্থা নাজুক। জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল্লাহ আল শাফি মজুমদার বলেন, হূদেরাগ ইনস্টিটিউটে নতুন ৩৫০টি পদ সৃষ্টি করা প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বিশ্ববিদ্যালয়ে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সহযোগিতা চান।চিকিৎসকেরা আওয়ামী লীগের পক্ষে কাজ করবেন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, বিএনপি বলছে ক্ষমতায় গেলে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চার হাজার চিকিৎসকের নিয়োগ বাতিল করবে। তিনি বলেন, এসব চিকিৎসক নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করবেন।