বদলি করা ১৩ চিকিৎসকের কেউ-ই কাজে যোগ দেননি
শেরপুর জেলা সদর হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-সংকট নিরসনের জন্য দুই মাস আগে ১৩ জন চিকিৎসককে শেরপুর জেলায় বদলি করা হয়। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত তাঁদের কেউ-ই কর্মস্থলে যোগদান করেননি। জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন লিখিতভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) চিকিৎসক সুবাস কুমার সাহা স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে ১৩ জন চিকিৎসককে শেরপুর সদর হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। চিকিৎসকেরা হলেন: স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি মো. রেজাউল করিম, ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসিএইচ) আইএমও শামসুন নাহার, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের চিকিৎসা কর্মকর্তা তানভির জাহান, ঢাকার মিটফোর্ড হাসপাতালের গাইনি বিভাগের সহকারী সার্জন রেজোয়ানা রেফাত জাহান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের আবাসিক সার্জন সায়মা আহম্মেদ, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন মো. আল-আমিন সিকদার, রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন শাকিলা আকতার, স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি নাসরিন আক্তার, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইএমও শিবলী চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি মো. সালাউদ্দিন রহমান, ঢাকা মিটফোর্ড হাসপাতালের ইএমও (লেবার) শাকিলা ফেরদৌস মৌসুমী, স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি শামসুন নাহার এবং ডিএমসিএইচের আইএমও রিতা রানী সরকার।বদলির আদেশ দেওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এসব চিকিৎসকের কেউ-ই শেরপুরের হাসপাতালগুলোতে যোগদান করেননি। ফলে শেরপুরের সরকারি হাসপাতালগুলোতে রোগীদের দুর্ভোগ অব্যাহত রয়েছে। সদর হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখার জন্য আটটি কক্ষ থাকলেও চিকিৎসক না থাকায় প্রায় সব কক্ষই বন্ধ থাকে। ১০০ শয্যার এ হাসপাতালে কনসালট্যান্ট (মেডিসিন) পদসহ প্রয়োজনীয়সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তা না থাকায় হাসপাতালের চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। বর্তমানে এ হাসপাতালটিতে ৩৭ জন চিকিৎসকের স্থলে মাত্র ১৪ জন কর্মরত আছেন। জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্রও একই রকম। সম্প্রতি বিষয়টি নিয়ে প্রথম আলোতে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।শেরপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আ স ম আবদুস ছামাদ জেলা সদর হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-সংকটের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, বদলি করা চিকিৎসকদের কর্মস্থলে যোগদান না করার বিষয়টি তিনি ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ও স্থানীয় সাংসদকে জানিয়েছেন।