বদলি ঠেকাতে আদালতমুখী
বদলি ঠেকাতে সিরাজগঞ্জের স্বাস্থ্য বিভাগের অনেক কর্মকর্তা-কর্মচারী আদালতমুখী হয়ে পড়েছেন। উচ্চ আদালতে রিটের প্রেক্ষিতে স্থগিতাদেশ বলে তাঁরা স্বপদে বহাল থাকার চেষ্টা করছেন। গত তিন বছরে সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগে পাঁচ কর্মকর্তা-কর্মচারী এই কৌশল অবলম্বন করেছেন বলে জানা গেছে।সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নূরুল ইসলামকে ফরিদপুরের মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। একই আদেশে কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবদুল আওয়ালকে শাহজাদপুরে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নূরুল ইসলাম আদেশ পাওয়ার পরপরই ছুটির আবেদন অফিসে রেখে চলে যান। তিনি বদলির আদেশ স্থগিত করার জন্য গত ৬ মার্চ ঢাকায় উচ্চ আদালতে রিট করেন। গত ১৩ মার্চ আদালত বদলির আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে আদেশ দেন। এই স্থগিতাদেশ বাতিল করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করার পর আদালত ১৯ এপ্রিল তা তিন মাসের জন্য স্থগিত করেন।এভাবে আদালতের আশ্রয় নিয়ে ২০১০ সালে সাবেক সিভিল সার্জন তালুকদার নূরুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন, ২০০৯ সালে ভান্ডাররক্ষক মো. হাবিবুর রহমান ও অফিস সহকারী আবদুল মান্নান এবং ২০০৮ সালে প্রধান সহকারী আবদুল মজিদ বদলি আদেশ ঠেকিয়ে নিজ নিজ পদে এখনো বহাল আছেন। তবে চাকরির মেয়াদ শেষ হওয়ায় তালুকদার নূরুল ইসলাম সম্প্রতি অবসরে গেছেন। টিএইচও নূরুল ইসলাম বলেন, ‘আমার বদলির আদেশ উচ্চ আদালতের মাধ্যমে স্থগিত হয়েছে।’ সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আবদুর রাজ্জাক জানান, জনস্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাউকে বদলি করে থাকে। কিন্তু অনেকেই এই বদলির আদেশ স্থগিত করতে আদালতের আশ্রয় নিচ্ছেন। এতে জটিলতার সৃষ্টি হওয়ায় কাজের গতি কমে যাচ্ছে। আর এ কারণে কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে কর্মকর্তা-কর্মচারীদের বদলি করে, তা সফল হয় না। এ ঘটনা একমাত্র সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগেই ঘটছে।