প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক-সংকট সত্ত্বেও একই সময়ে তিনজন শিক্ষককে অন্যত্র বদলি করায় নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এ সময় তারা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে শিক্ষকদের বদলি রোধ করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করে। শিক্ষকেরা হলেন জীববিজ্ঞানের সদানন্দ বিশ্বাস, ইংরেজির ফিরোজ কিবরিয়া ও গণিতের শিশির চন্দ্র চন্দ। বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক সদানন্দ বিশ্বাসকে রাঙামাটির রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চবিদ্যালয়ে, ফিরোজ কিবরিয়াকে বান্দরবানের লামা সরকারি উচ্চবিদ্যালয়ে এবং শিশির চন্দ্রকে খাগড়াছড়ি দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়েছে। তাঁদের গতকালই নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা।