চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঢাকার মূল ক্যাম্পাসে তাঁদের বদলি নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থানীয় প্রশাসন দীর্ঘ দিন ধরে গড়িমসি করছে। এ অবস্থায় ৭ আগস্ট ঢাকায় নিবন্ধনের তারিখ নির্ধারণ হলেও এখনো বিষয়টির সুরাহা হয়নি। ফলে, তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।ওই বিশ্ববিদ্যালয়ের নাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)। ওই বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম ক্যাম্পাসের বিবিএ ও প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) বিভাগের একদল শিক্ষার্থী গত রোববার প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে এসে তাঁদের অভিযোগের কথা বলেন।শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর থেকে আইইউবির চট্টগ্রামের ক্যাম্পাস বন্ধ হয়ে যাবে। এখানকার অনেক শিক্ষার্থী ইতিমধ্যে বদলি নিয়ে ঢাকায় মূল ক্যাম্পাসে পড়াশোনা করছেন।চট্টগ্রাম ক্যাম্পাসের বিবিএ ও প্রকৌশল বিভাগের ৫০ জন শিক্ষার্থী গত ১৪ জুলাই নতুন করে ক্যাম্পাস পরিবর্তনের আবেদন জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিলেও তাঁদের কোনো আবেদনই ঢাকায় পৌঁছায়নি। পরে অভিভাবকেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের আবেদন ঢাকায় পাঠানো হয়।শিক্ষার্থীরা অভিযোগ করেন, চট্টগ্রাম ক্যাম্পাসের জটিলতার কারণে তাঁদের সেখানে ভর্তি সম্ভব হচ্ছে না বলে জানানো হয়। তবে চট্টগ্রাম ক্যাম্পাস থেকে বলা হয়, ৩১ জুলাই ট্রাস্টি বোর্ডের বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে।আইইউবি চট্টগ্রাম ক্যাম্পাসের সমন্বয়কারী নুরুজ্জামান ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ২০০ জনের ঢাকায় বদলি হওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা চাই, ৫০ জন শিক্ষার্থীর সবাই ঢাকায় পড়াশোনার সুযোগ পাক। এ জন্যই ৬ আগস্ট ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে অভিভাবকদের সভা ডেকেছি।’নুরুজ্জামান বলেন, ঢাকা ক্যাম্পাস থেকে বলা হচ্ছে, প্রয়োজনীয় শিক্ষক ও আসনসংকটের কারণে আপাতত সবাইকে ভর্তি করা যাচ্ছে না। এখন কেবল মেধার ভিত্তিতে কয়েকজনকে নির্বাচন করা হবে। দু-এক দিনের মধ্যে এ ঘোষণা দেওয়া হবে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘আমাদের ভর্তির আবেদনে স্পষ্টভাবে ক্যাম্পাস পরিবর্তনের বিধান রয়েছে। তা ছাড়া ঢাকা ক্যাম্পাস থেকে পর্যাপ্ত আসন থাকার কথা জানানো হয়েছে। আমরা মূল ক্যাম্পাসের আওতায় সনদ পেতে চাই।’শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ৭ আগস্ট ঢাকায় নিবন্ধনের তারিখ ঠিক হয়েছে। আবার ৬ আগস্ট সভা ডেকে আসলে তাঁদের বদলি ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রাম ক্যাম্পাসের কর্তৃপক্ষ নতুন নামে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর চেষ্টা করছে।নুরুজ্জামান বলেন, ‘আমরা সরকারের সিদ্ধান্ত মোতাবেক আইইউবি চট্টগ্রাম ও ঢাকা নামের দুই জায়গায় দুটি আলাদা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালানোর আবেদন করেছি। এটি বাস্তবায়ন হতে দু-তিন বছর লাগবে। আর ৭ আগস্ট নিবন্ধনের তারিখ বেঁধে দেওয়া হলেও সমস্যা নেই। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিরা অনুমোদন দিলে পরেও ভর্তি হওয়া যাবে।’