বদলি স্থগিত হওয়ায় অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলির আদেশ স্থগিত হওয়ায় গতকাল বুধবার বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। অধ্যক্ষ এ কে এম ছালামতউল্লাহর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি, অদক্ষতা এবং টাকা দিয়ে বদলি ঠেকানোর অভিযোগ এনে ছাত্রলীগের কলেজ শাখা গতকাল দুপুর ১২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে অধ্যক্ষের তালাবদ্ধ কক্ষের সামনে প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগ কলেজ শাখার আহ্বায়ক আবু জাফর মাহমুদুন্নবী অধ্যক্ষকে প্রত্যাহার করে নেওয়ার জন্য আগামী সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে চার দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে—আজ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও ছাত্র সমাবেশ, শনিবার অবস্থান ধর্মঘট, রোববার বিক্ষোভ সমাবেশ এবং সোমবার প্রতীকী অনশন। সোমবারের প্রতীকী অনশন শেষে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশে জানানো হয়।এর আগে ১৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যক্ষ ছালামতউল্লাহকে পাবনা এডওয়ার্ড কলেজে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসকে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়। কিন্তু এক সপ্তাহের মাথায় ২২ মে শিক্ষা মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে বদলিসংক্রান্ত আগের আদেশটি বাতিল করা হয়। কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বলেন, অধ্যক্ষের অদক্ষতার কারণেই আড়াই বছর ধরে কলেজের তিনটি হল বন্ধ রয়েছে। তিনি ছাত্রশিবিরের সঙ্গে আঁতাত করে কলেজকে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির আখড়ায় পরিণত করেছেন। এ ছাড়া তিনি কলেজ বাস মেরামত ও তেল খরচের ভুয়া ভাউচার, লাইব্রেরিতে বই কেনা, পুকুর খনন ও রাস্তা নির্মাণ, কলেজের জমি লিজ বন্ধ রাখা এবং শহীদ মিনার নির্মাণের নামে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন।অধ্যক্ষ ছালামতউল্লাহ বলেন, ‘অন্যায় সুবিধা আদায় করতে না পেরে ছাত্রলীগের কতিপয় নেতা আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ তুলে আন্দোলনের নামে কলেজে বিরাজমান শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত করছে।’ তিনি বলেন, ‘যারা কক্ষে তালা ঝুলিয়ে আন্দোলন করে আমাকে এখান থেকে সরাতে উঠেপড়ে লেগেছে, তাদের অনেকেই অতীতে কলেজ থেকে অনৈতিক সুবিধা আদায় করেছে। কলেজের অর্থ আত্মসাতের দায়ে দুর্নীতি দমন কমিশনে কারও কারও বিরুদ্ধে মামলাও চলছে। কলেজ ক্যাম্পাসের সামনে রেলের জায়গা দখলের প্রতিবাদ করায় এবং অনৈতিক সুবিধা না পাওয়ায় ছাত্রলীগ নামধারী কতিপয় নেতা আমাকে সরাতে উঠেপড়ে লেগেছে।’ বগুড়ার পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হক বলেন, ‘কোনো ন্যায্য দাবি থাকলে তা নিয়মতান্ত্রিকভাবে তুলে ধরার জন্য ছাত্রলীগকে বলে দেওয়া হয়েছে।’