বদলি হওয়া এএসপির সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী থেকে বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহনেওয়াজ খালেদ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তবে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক কোনো ব্যানার ছিল না।
প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারন রায়ের সভাপতিত্বে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শাহনেওয়াজ খালেদ বলেন, ‘আজকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে রাজনীতিকদের রোষানলে পড়তে হয়। যার প্রমাণ আমি নিজে। এক বছর চার মাস খুব বেশি সময় নয় নরসিংদীর জন্য। এই জেলায়
যারা আমার জন্য নিজেদের স্বার্থসিদ্ধি হাসিল করতে পারে নাই, তারা আমাকে মাদক ব্যবসায়ী ও বিএনপি নেতাদের সঙ্গে আমার সম্পর্ক আছে এমন কথা রটিয়েছে। আমি এমন একজন মানুষ, যে মুক্তিযুদ্ধের পরিবারের সন্তান হিসেবে পরিচিত, তাঁকে খাগড়াছড়ি জেলায় চাকরি করতে হবে, এই আওয়ামী লীগ সরকারের সময়ে। এটা চিন্তাতীত। এটা কল্পনাও করা যায় না। তাই সেটা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিবর্তন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএনপি) বদলির আদেশ করেছেন।’
শাহনেওয়াজ বলেন, ‘আজকে যদি আমি পুলিশে যোগ না দিতাম তাহলে অবশ্যই সরকারি দলের সংগঠনের কোনো সভাপতি, সাধারণ সম্পাদক পদে থাকতাম। অযথা মিথ্যাচার শুনে কেন আমাকে সরানো হলো, সেই প্রশ্নের জবাব আমি সংশ্লিষ্ট নেত্রীর কাছে আপনাদের মাধ্যমে জানতে চাই।’
সম্প্রতি প্রথম আলোর এক সংবাদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমার শ্বশুর যদি মারা না যেতেন, তাহলে আপনারা কেউ জানতেই পারতেন না যে আমার শ্বশুরবাড়ি এইখানে। আমি যখন নরসিংদীতে যোগদান করি তখনো আমার শ্বশুরবাড়ি পুলিশ সুপারের কার্যালয় থেকে ১০০ মিটার দূরেই ছিল। এমন নয় যে আমি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হিসেবে যোগদান করে দূরত্ব এক হাজার মিটার থেকে নামিয়ে ১০০ মিটারে এনেছি। আমি তীব্র ঘৃণা প্রকাশ করছি ওই রিপোর্টারদের, যাঁরা এ ধরনের কাজ করেছেন।’
সব শেষে তিনি বদলির আদেশ বাতিলের দাবিতে যাঁরা মানববন্ধনে অংশ নিয়েছেন, তাঁদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।