বদলি হওয়া কর্মকর্তার খামখেয়ালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর উপস্বাস্থ্যকেন্দ্রের বদলি হওয়া পরিবারকল্যাণ পরিদর্শিকার খামখেয়ালির কারণে কেন্দ্রের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। তিনি কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শিকার পদে সদ্য বদলি হয়ে আসা ইলা রানী বড়ালকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে তাঁর কক্ষটি ২১ দিন ধরে তালাবদ্ধ করে রেখেছেন। এ অবস্থায় এলাকার প্রসূতিদের উপজেলা শহর কলাপাড়ায় গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক হরিপ্রসাদ পাল গত ২২ জুন মহিপুর উপস্বাস্থ্যকেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শিকা নূরজাহান বেগমকে অন্যত্র বদলি করেন। আর মিঠাগঞ্জ ইউনিয়নের পরিবারকল্যাণ পরিদর্শিকা ইলা রানী বড়ালকে মহিপুর উপস্বাস্থ্যকেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শিকা হিসেবে বদলি করেন। ৩০ জুনের মধ্যে উভয়কে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়। কিন্তু নূরজাহান বেগম ২৭ জুন এক দিনের ছুটি নিয়ে তাঁর কক্ষ তালাবদ্ধ করে চলে যান। এরপর আর তিনি কেন্দ্রে আসেননি এবং ইলা রানীকে দায়িত্বও বুঝিয়ে দেননি। এর ফলে প্রসূতিরা জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মহিপুর বন্দরের বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, নূরজাহান বেগমের খামখেয়ালির কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। মহিপুরের কোমরপুর গ্রামের বাসিন্দা নূর বানু বেগম জানান, গত কয়েক দিনে কেন্দ্রে এমআর এবং জন্মনিয়ন্ত্রণের চিকিৎসাসুবিধা না পেয়ে অনেক নারী ফিরে গেছেন। নজিবপুর গ্রামের প্রসূতি আসমা বেগম (২৫) বলেন, ‘গেল দুই দিন ধইর‌্যা হাসপাতালে যাইয়া ফিরা আই।’ ইলা রানী বলেন, তাঁর কক্ষটি তালাবদ্ধ থাকায় উপস্বাস্থ্যকেন্দ্রের আওতায় থাকা লতাচাপালী ও খাপড়াভাঙ্গা ইউনিয়নের প্রসূতিদের স্বাস্থ্যসেবা বন্ধ রয়েছে। কারণ ওই কক্ষেই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধপত্র রয়েছে। কেন্দ্রের বদলি হওয়া পরিবারকল্যাণ পরিদর্শিকা নূরজাহান বেগম বলেন, ‘আমার মেয়ে মহিপুরের একটি স্কুলে পড়ে। এ মুহূর্তে বদলি হলে তার পড়াশোনার ক্ষতি হবে। এ জন্য বদলির বিষয়টি পুনর্বিবেচনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেছি।’ কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহ আলম গতকাল সোমবার বলেন, ‘নূরজাহান বেগম দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় স্বাস্থ্য বিভাগের পটুয়াখালীর উপপরিচালকের কার্যালয় থেকে আমাকেসহ অন্য দুজনকে নিয়ে ইনভেনটরি কমিটি গঠন করা হয়েছে। আমরা তাঁর (নূরজাহান বেগমের) কক্ষের তালা ভেঙে দু-এক দিনের মধ্যে ইলা রানী বড়ালকে অফিসের দায়িত্ব বুঝিয়ে দেব।’স্বাস্থ্য বিভাগের পটুয়াখালীর উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘নূরজাহান বেগম দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় তাঁকে শোকজ করা হয়েছে। তা ছাড়া সরকারি আদেশ অমান্য করায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।’