বদলি হলেও তাঁরা ঢাকা মেডিকেল ছাড়ছেন না
এক মাস আগে বদলি করা হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার এমএলএসএস (পিয়ন) কর্মস্থল ছেড়ে যাননি। উল্টো সমাবেশ করে তাঁরা বদলির আদেশ বাতিলের জন্য ৭২ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছেন, কালো ব্যাজ ধারণ করেছেন ও হাসপাতালের পরিচালককে হুমকি দিচ্ছেন।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ফরিদউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, কাজের ক্ষেত্রে ওই চারজনের সুনাম নেই। হাসপাতালের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তাঁদের বদলি করা হয়েছে। তিনি বলেন, ওই চারজন এখন যে আচরণ করছেন, তাতে বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত ২৫ আগস্ট ফরিদউদ্দিন আহমেদের স্বাক্ষরিত আদেশে মো. শিপন ও মো. আশরাফ হোসেনকে মহাখালীর কুষ্ঠ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে বদলি করা হয়। অন্যদিকে মিরপুর সরকারি ইউনানি আয়ুর্বেদিক ডিগ্রি কলেজ হাসপাতালে বদলি করা হয় মো. সুমন ও আবু হানিফকে। ওই আদেশ জারির তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতেও বলা হয়েছিল। হাসপাতাল দুটিতে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁরা সেখানে যোগ দেননি। সূত্র জানায়, চার পিয়ন ওই আদেশ বাতিলের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে তদবির করার পাশাপাশি কর্তৃপক্ষের ওপর নানা ধরনের চাপ দিচ্ছেন। এ কাজে তাঁদের সহায়তা করছেন তাঁদের সংগঠন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির একাধিক শীর্ষ নেতা।গত ৫ সেপ্টেম্বর চার এমএলএসএসের বদলি বাতিলের দাবিতে আবদুল খালেকের নেতৃত্বে কিছু কর্মচারী কালো ব্যাজ ধারণ করেন। তাঁরা সমাবেশ করে পরিচালককে হুমকি দিয়ে বলেন, কর্মচারীদের এক স্থান থেকে অন্য স্থানে বদলি করা যাবে না। তাঁরা ৭২ ঘণ্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার করতে বলেন। এই চারজনের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ আছে। গত ৩ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সামনে গাড়ি রাখা নিয়ে মো. শিপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বার্ন ইউনিটের প্রধান ফটকে কর্তব্যরত দুই আনসার সদস্যের মাথা ফাটিয়ে দেয়। এ ব্যাপারে আনসার ক্যাম্প ইনচার্জ শাহবাগ থানায় শিপনসহ অন্যদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন।হাসপাতালের প্রশাসন সূত্র জানায়, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত দল চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল খালেক, বদলি হওয়া মো. শিপন ও শিপন মিয়াকে অনিরাপদ রক্ত বেচাকেনা, হাসপাতালের জায়গা দখল, বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়া ও চিকিৎসায় বিঘ্ন ঘটানোর অভিযোগে ঢাকার বাইরে বদলি করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাঁরা আবার ঢাকা মেডিকেলে ফিরে আসেন।অন্যদিকে হাসপাতালে দায়িত্ব পালনকারী একাধিক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, বদলি হওয়া চার কর্মচারীর বিরুদ্ধে তাঁরা প্রতিবেদন তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. শহীদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, অধিদপ্তর এঁদের বদলি করেছে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা অধিদপ্তরই নেবে।