প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের পরও গ্রাম ও মফস্বল শহরের হাসপাতাল থেকে চিকিৎসকেরা বদলি হয়ে শহরের হাসপাতালে চলে যাচ্ছেন। মফস্বল শহর জয়পুরহাটের কালাইয়ে রয়েছে এ রকম একটি হাসপাতাল। ৫০ শয্যার এ হাসপাতাল থেকে গত দেড় বছরে নিয়োগ পাওয়া ২১ জন চিকিৎসকের মধ্যে ১৫ জনই বদলি হয়ে গেছেন। যোগদানের কয়েক মাসের মধ্যেই তাঁরা তদবির করে বদলি হয়ে গেছেন। এতে এখানে চিকিৎসকের সংকট সৃষ্টি হয়েছে। এ হাসপাতালে ২০টি চিকিৎসক পদ থাকলেও কর্মরত আছেন মাত্র দুজন। এ কারণে এখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিকিৎসকেরা যোগদান করেই কর্তৃপক্ষের কাছে এক-দুই সপ্তাহের ছুটির আবেদন করেন। এরপর তাঁরা বদলির জন্য তদবির করতে স্বাস্থ্য অধিদপ্তর সিভিল সার্জনের কার্যালয়ে ছোটেন। পরে কিছু দিনের মধ্যেই তাঁরা বদলি হয়ে শহরের হাসপাতালে চলে যান।স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, ২০১০ সালের ২৭ জুলাই এখানে জুনিয়র কনসালটেন্ট (গাইনি) পদে যোগদান করেন পারভীন আখতার। গত বছরের ৬ ডিসেম্বর তিনি জয়পুরহাট সদরের জেলা আধুনিক হাসপাতালে বদলি নেন।২০১০ সালের ১৯ জুলাই জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) পদে যোগ দিয়ে মফিউর রহমান তিন মাসের মাথায় জেলা আধুনিক হাসপাতালে যোগ দেন। জুনিয়র কনসালটেন্ট (শিশু) পদে ২৪ অক্টোবর যোগ দিয়ে এ এন এম মনিরুজ্জামান ১০ নভেম্বর জেলা আধুনিক হাসপাতালে বদলি হন। একই সময়ে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) পদে যোগ দেন রকিবুল ইসলাম। কয়েক সপ্তাহের মাথায় তিনি জেলা আধুনিক হাসপাতালে বদলি হন।২০০৮ সালের ৩১ ডিসেম্বর সহকারী সার্জন পদে এখানে যোগ দিয়ে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে রুমী নাসরীন জেলা আধুনিক হাসপাতালে চলে যান। একই সময়ে যোগ দিয়ে ২০১০ সালের ১ জুলাই আবদুল ওয়াসেল জেলা আধুনিক হাসপাতালে বদলি হয়ে যান। সহকারী সার্জন (ডেন্টাল) পদে গত বছরের ১ ডিসেম্বর যোগ দেন সাহারা আখতার। তিনি ২১ এপ্রিল বদলি নিয়ে অন্যত্র চলে গেছেন।গত বছরের জুলাই মাসে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া সাতজন চিকিৎসক এখানে যোগ দেন। তাঁরা সবাই চাকরিবিধি লঙ্ঘন করে বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। তাঁদের মধ্যে জুনিয়র কনসালটেন্ট (সার্জন) পদে গত বছরের ৩ জুলাই যোগ দেওয়ার পর রেহেনা পারভীন ৬ ডিসেম্বর, সহকারী সার্জন পদে একই তারিখে যোগ দেওয়া তানজিলা রওনক ৫ অক্টোবর, সাইদুল আনোয়ার ২৯ সেপ্টেম্বর বদলি হয়েছেন। জাহাঙ্গীর খালিদ, এলিজা রাহী, আসাদুজ্জামান রাজীব ও রিফাত রুমানার এপ্রিল মাসে বদলির আদেশ হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে প্রশাসকসহ চিকিৎসকের ১৮ পদই শূন্য রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ জুনিয়র কনসালটেন্ট (অবেদনবিদ, চক্ষু, নাক-কান-গলা, কার্ডিওলজি, অর্থোপেডিক ও শিশু) পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য। এখন এখানে জুনিয়র কনসালটেন্ট (গাইনি) শাহজাহান মণ্ডল ও ভারপ্রাপ্ত প্রশাসক আবু হোসেন মণ্ডল আছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক বলেন, কালাইয়ে কোনো বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল নেই। বাইরে রোগী দেখার সুযোগও নেই। তাই তাঁরা বদলি নিয়ে চলে যাচ্ছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও ভারপ্রাপ্ত প্রশাসক আবু হোসেন মণ্ডল জানান, এখানে যাঁরা যোগদান করেন, তাঁরা শুরু থেকেই বদলির জন্য তদবির করেন। সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, ‘বদলির ব্যাপারে সিভিল সার্জন হিসেবে আমি নিজেও অসহায়। কারণ, তাঁরা তদবির করে বদলির আদেশ নিয়ে আসেন। বদলি হওয়া চিকিৎসকদের ছাড়পত্রের জন্য বিএমএ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতাসহ বড় বড় জায়গা থেকে ফোন আসে। এ কারণে ছাড়পত্র দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না।’অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকদের বদলি হওয়ার বিষয়ে তিনি বলেন, অ্যাডহকের চাকরিবিধি অনুযায়ী চিকিৎসকদের নতুন কর্মস্থলে কমপক্ষে দুই বছর চাকরি করতে হবে।