বদলিতে পুরস্কার বদলিতে তিরস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিক্ষণকাল শেষ হওয়ার আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চারজন চিকিত্সককে বদলির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে তিনজন গত নভেম্বরে অনুষ্ঠিত বিএমএ নির্বাচনে স্বাচিপের বিদ্রোহী প্রার্থীর পক্ষে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। অপর এক আদেশে ওই নির্বাচনে স্বাচিপের মূলধারার পক্ষে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া দুই চিকিত্সককে চমেক হাসপাতালে বদলি করা হয়েছে।গত ৩১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পৃথক দুটি আদেশ দেওয়া হলেও সম্প্রতি এগুলো চট্টগ্রামে আসে। চার প্রশিক্ষণার্থী চিকিত্সককে চমেক থেকে বদলি করে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অধীনে ন্যস্ত করা হয়। প্রশিক্ষণ শেষ না হওয়ায় এই চিকিত্সকেরা তাঁদের উচ্চশিক্ষা নিয়ে বিপাকে পড়েছেন। স্বাস্থ্য বিভাগের অধীনে এই প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার মতো কোনো প্রতিষ্ঠান নেই।বদলি আদেশপ্রাপ্তরা হলেন: চমেক মেডিসিন বিভাগের তিন সহকারী রেজিস্ট্রার বিপ্লব কুমার বড়ুয়া, আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসেন ও সত্যজিত্ মল্লিক এবং স্বাস্থ্য কর্মকর্তা মো. মনিরুল মান্নান। তাঁদের মধ্যে বিপ্লব কুমার বড়ুয়া এমডি কোর্সে প্রশিক্ষণ নিচ্ছিলেন। অন্য সবাই এফসিপিএস কোর্সে প্রশিক্ষণার্থী ছিলেন। এই আদেশে সই করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মতিউদ্দিন আহমদ।বিপ্লবের আগামী জুলাইতে, ইমতিয়াজের জুনে প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। অপর দুই চিকিত্সকের প্রশিক্ষণ শেষ হতে আরও অন্তত দেড় বছর বাকি।একই দিনের অপর এক আদেশে ২০১০ সালে এডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিত্সক কামাল উদ্দিন মজুমদারকে চমেক চক্ষু বিভাগ থেকে সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার এবং জি এম সালাহউদ্দিনকে ফটিকছড়ি থেকে চমেকের অবেদন বিভাগে বদলি করা হয়।কামালের বিরুদ্ধে গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত বিএমএ নির্বাচনের পর ভোট গণনার সময় ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে তখন প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়েছিল। এ-সংক্রান্ত ছবিও প্রথম আলোর কাছে সংরক্ষিত আছে। জি এম সালাহউদ্দিনও এ সময় পাশে ছিলেন।প্রসঙ্গত, বিএমএ নির্বাচনের দিন ভোট গণনার পর দেখা যায়, বিদ্রোহী প্রার্থী মিনহাজুর রহমান এক ভোটে এগিয়ে। এ সময় কয়েকটি ব্যালট পেপার ছিঁড়ে ফেলে অন্যান্য ব্যালট ছিনিয়ে নিয়ে চলে যান কামালসহ অন্যরা। স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁদের শাস্তিমূলক বদলি করা হয়েছে বলে মনে করছেন এই তিন চিকিত্সক। মনিরুল মান্নান ছাড়া বাকি তিন চিকিত্সক নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মিনহাজুর রহমানের এজেন্ট ছিলেন।বদলি আদেশ পাওয়া চিকিত্সক বিপ্লব কুমার বড়ুয়া বলেন, ‘গত বিএমএ নির্বাচনে আমরা মিনহাজুর রহমানকে সমর্থন করেছিলাম। ওই কারণেই হয়তো প্রশিক্ষণ শেষ হওয়ার আগে বদলি করা হলো।’এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. শাহাবুদ্দিন বলেন, ‘প্রশিক্ষণে থাকা অবস্থায় বদলি করা যায় কি না, সেটা যাঁরা বদলি করেছেন তাঁরা ভালো বলতে পারবেন। যদি আমার ওপর ন্যস্ত করা হয়, তাহলে আমি পরবর্তী পদক্ষেপ নেব।’এর আগে গত ১৯ নভেম্বর বিদ্রোহী প্রার্থী মিনহাজের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় তিন চিকিত্সককে চট্টগ্রাম বিভাগের বাইরে বদলি করা হয়েছিল। তাঁরা হলেন চমেক হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ধীমান বড়ুয়া, অর্থোপেডিক সার্জারির রেজিস্ট্রার অজয় দাশ ও সার্জারি ওয়ার্ডের আইএমও সুরজিত ঘোষ। যোগদানের তিন মাসের মাথায় তাঁদের বদলি করা হয়েছিল। এর মধ্যে সুরজিত এফসিপিএস কোর্সে প্রশিক্ষণার্থী ছিলেন।