বদলির আদেশ পেয়ে চট্টগ্রামের অতিরিক্ত সিএমএমের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যেষ্ঠ বিচারকের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করেছেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (অতিরিক্ত সিএমএম) মো. আবদুর রহমান। অন্যত্র বদলির আদেশ হওয়ার পর তিনি গত মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন। তবে গতকাল বুধবার পর্যন্ত এ বিষয়ে আইন মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেয়নি।এদিকে চট্টগ্রাম আইনজীবী সমিতি গতকাল বিশেষ সাধারণ সভা ডেকে আবদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এ বি এম নিজামুল হক ও অর্থঋণ আদালতের বিচারক মাহবুবুল আলমকে সরানোর জন্য আইনজীবী সমিতি বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিল। এরই মধ্যে এই দুজনসহ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আবদুর রহমানকেও অন্যত্র বদলি করা হয়।এদিকে বিদায়ী সিএমএম নিজামুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন আইন মন্ত্রণালয়ের উপসচিব মশিউর রহমান। নিজামুল হক আজ বৃহস্পতিবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘আমরা শুনেছি, একজন দুর্নীতিবাজ বিচারকের চিঠির ভিত্তিতে আবদুর রহমানকে বদলি করা হয়েছে। তাঁর বদলির আদেশ প্রত্যাহারের জন্য আইনজীবী সমিতি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।’দুই বিচারকের দ্বন্দ্ব: গত ১৩ মে চট্টগ্রামে তিনটি গাড়ি পোড়ানোর ঘটনায় দ্রুত বিচার আইনে কোতোয়ালি ও খুলশী থানায় আলাদা তিনটি মামলা হয়। এই মামলাগুলোতে চট্টগ্রাম (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, জামায়াতের সাংসদ শামসুল ইসলামসহ অনেককে আসামি করা হয়। এই নেতাদের জামিন দেওয়া না-দেওয়া নিয়ে সিএমএমের সঙ্গে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের দ্বন্দ্ব বাধে।বিদায়ী সিএমএমের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সরকারি কৌঁসুলির দায়িত্বে থাকা আওয়ামী লীগের সমর্থক একজন আইনজীবী সিএমএমের খাস কামরায় গিয়ে বিএনপির নেতা আসলাম চৌধুরীর জামিনের জন্য তদবির করেন। সিএমএম রাজি না হলে ওই আইনজীবী তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনের হুমকি দেন। এর কয়েক দিন পর সিএমএম নিজামুল হকের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন আইনজীবীরা।অবশ্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ কথা অস্বীকার করেন। তাঁর দাবি, তাঁদের অভিযোগ সঠিক।গত ১১ জুলাই আইনজীবী সমিতি বিশেষ সাধারণ সভা ডেকে নিজামুল হক ও অর্থঋণ আদালতের বিচারক মাহবুবুল আলমকে সরে যেতে এক মাসের সময়সীমা দেয়। এরপর আইনজীবীরা ৩০ আগস্ট থেকে প্রতিদিন দেড় ঘণ্টা করে এই দুই বিচারকের আদালত বর্জন শুরু করেন। একপর্যায়ে তাঁরা বিচারকাজ পরিচালনা থেকে বিরত থাকেন।পদত্যাগপত্রে সিএমএমের বিরুদ্ধে অভিযোগ: অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুর রহমান তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, তিনি বিশ্বস্ত সূত্রে জেনেছেন, সিএমএম নিজামুল হক তাঁর কার্যক্রম ও সততা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি ও সচিবের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন এবং আবদুর রহমানের প্রত্যাহার চেয়েছেন। এতে তিনি মানসিকভাবে হতাশ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি পদত্যাগপত্রে আরও বলেন, গত ১৪ জুন দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানার মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া আসামি আসলাম চৌধুরীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর জন্য তাঁকে সিএমএম নির্দেশ দেন। তিনি আইন মেনে তা করেননি। এতে সিএমএম ক্ষিপ্ত হয়ে তাঁকে দ্রুত বদলি করার হুমকি দেন।