নেত্রকোনার আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এখনো চলছে চিকিৎসক ছাড়াই। গত এক মাসে চিকিৎসকদের যোগদানের জন্য দুটি পৃথক আদেশ দেওয়া হলেও আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁরা কেউ যোগদান করেননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর প্রথম আলোতে ‘আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স চলছে চিকিৎসক ছাড়াই’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ১১ অক্টোবর মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এ এফ এম মাকসুদ আল মাসুদ, গাগলাজুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক চৌধুরী ফয়সল মঞ্জুরুল রহিম, পূর্বধলার ঘাঘড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক সৈয়দ ইউসূফ সিদ্দিক, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক রাকিবুল হাসানকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করে পরিচালক দপ্তর। ওই আদেশে কোনো চিকিৎসক কর্মস্থলে যোগদান করেননি। পরে ১৭ অক্টোবর অজ্ঞাত কারণে পরিচালকের দপ্তর থেকে সে আদেশ বাতিল করা হয়। পরে ১৮ অক্টোবর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুবাইল উপস্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক মো. জাহাঙ্গীর আলম, মুক্তাগাছার পদুরবাড়ি উপস্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসক মো. আবু জাফর সাদেক, নেত্রকোনার পূর্বধলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এ এস কে ইয়াহিয়া মাহমুদ খানকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আদেশ দেওয়া হয়। বদলির আদেশ দেওয়ার সাত দিনের মধ্যে কর্মস্থলে যোগদানের নিয়ম থাকলেও গতকাল সোমবার পর্যন্ত কেউ যোগদান করেননি। আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র চিকিৎসকদের যোগদান না করার বিষয়টি নিশ্চিত করেছে। সিভিল সার্জন সাহিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকেরা কেন কাজে যোগদান করেননি, তা আমার জানা নেই। তবে পরিচালক দপ্তরকে বিষয়টি জানানো হবে।’