বদলির পরও দায়িত্ব হস্তান্তর করছেন না
বদলি করার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না মেনে সাতক্ষীরা জেলার পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক জি এম মোক্তার হোসেন স্বপদে বহাল তবিয়তে আছেন। জেলা পরিবার পরিকল্পনা দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ কে এম মাহবুবুর রহমান এক চিঠিতে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত উপপরিচালক জি এম মোক্তার হোসেনকে সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) হিসেবে ঝিনাইদহে বদলি করেন। একই সঙ্গে তাঁকে গত ৩০ মার্চের মধ্যে সহকারী পরিচালকের (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) কাছে দায়িত্ব হস্তান্তর করে বদলি কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় এ আদেশ ৩১ মার্চ থেকে তাৎক্ষণিক বদলি বলে গণ্য হবে। এর পরও জি এম মোক্তার হোসেন সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর না করে স্বপদে বহাল থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি ১১ এপ্রিল সদর উপজেলার ভোমরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোজাম্মেল হোসেনকে ৬০ দিন পূর্ণ বেতনে ছুটি মঞ্জুর করেছেন। ১৩ এপ্রিল বল্লি ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী রোকেয়া খাতুনকে অবসর গ্রহণ-সংক্রান্ত বিষয় মঞ্জুর করেন। ১২ এপ্রিল শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নৈশপ্রহরী রবিউল আযমকে কালারোয়া উপজেলার কেড়াগাছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বদলি করেন। জেলা পরিবার কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক অসিত কুমার স্বর্ণকার বলেন, ‘ভারপ্রাপ্ত উপপরিচালক জি এম মোক্তার হোসেন এখন পর্যন্ত আমার কাছে দায়িত্ব হস্তান্তর করেননি। এর ফলে দাপ্তরিক কাজে জটিলতা দেখা দিয়েছে। বিষয়টি ১৯ এপ্রিল লিখিতভাবে এবং গত বৃহস্পতিবার টেলিফোনে খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক রবিউল হককে জানিয়েছি।’ভারপ্রাপ্ত উপপরিচালক জি এম মোক্তার হোসেন বলেন, ‘আমি বর্তমানে দায়িত্বে আছি। আমাকে ৩০ তারিখে দায়িত্ব হস্তান্তর করার নির্দেশ দিলেও বদলি বাতিল কিংবা স্থগিত করার জন্য আমি ২৯ মার্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। কিন্তু এর উত্তর না পাওয়া পর্যন্ত সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী ধরে নেওয়া হয় যে আমি স্বপদে বহাল রয়েছি।’ পরিবার পরিকল্পনা বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক রবিউল হকের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।