বদলির পরও স্বপদে হুমকি-ধমকির অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ বদলির আদেশের পরও স্বপদে বহাল থেকে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন অনিময় ও দুর্নীতির অভিযোগ এনে আশাশুনির বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন প্রধান শিক্ষক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করলে গত ১২ ফেব্রুয়ারি তাঁকে বদলি করা হয়। বদলির পরও স্বপদে বহাল থেকে ওই শিক্ষকদের মধ্যে কয়েকজনকে তিনি হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদকে ফেনীর ফুলগাজী উপজেলায় বদলি করা হয়। বদলির নির্দেশে উল্লেখ করা হয়, ২২ ফেব্রুয়ারির মধ্যে তিনি তাঁর পদ থেকে বিমুক্ত হবেন। তা না হলে ওই দিন অফিস সময়ের পর থেকে তাৎক্ষণিক বিমুক্ত বলে গণ্য হবেন।গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ অভিযোগ করেন, সুলতান মাহমুদ তাঁকে হুমকি-ধমকি দিয়ে বলেছেন, তিনি বদলি বাতিল করার চেষ্টা করছেন। বদলি বাতিল হলে তিনি (পরিমল) কীভাবে চাকরি করেন দেখে ছাড়বেন। সুলতান মাহমুদ এ ধরনের হুমকি আরও কয়েকজন শিক্ষককে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুলতান মাহমুদ জানান, শিক্ষকেরা তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন তা ঠিক নয়। বদলি আদেশ স্থগিত করা হয়েছে। মৌখিকভাবে তাঁকে কাজ করে যেতে বলা হয়েছে।সাতক্ষীরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিশোরীমহন সরকার জানান, লিখিত আদেশ না দেখানো পর্যন্ত তাঁকে কোনো কাজ না করার জন্য মৌখিকভাবে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।