প্রথম দফা বদলির আদেশে বলা হয়, ‘জনস্বার্থে’ কুষ্টিয়ায় বদলি করা হলো। এক সপ্তাহের মাথায় ওই বদলি স্থগিত করে প্রায় এক মাস পর আরেক দফা আদেশ। এবার কুষ্টিয়া নয়, জনস্বার্থে বদলির আদেশ হয় কুড়িগ্রামে। পরদিন আরেক আদেশে সর্বশেষ ওই বদলিও স্থগিত করা হয় ২৪ জানুয়ারি পর্যন্ত।
এভাবে প্রায় দেড় মাসে চার দফা আদেশে বদলি, স্থগিত ও বদলি নিয়ে রীতিমতো ঘূর্ণিপাক অবস্থার মুখে পড়েছেন গণপূর্ত অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান। সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ‘অগ্রাধিকার প্রকল্প’ সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তর কাজ ওই প্রকৌশলীর তদারকিতে চলছে।
ওই চারটি আদেশে সিলেটের নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে এক ব্যক্তিকেই। তিনি গণপূর্ত অধিদপ্তর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমান। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত শেখ মিজানুর রহমান সিলেটে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পকাজে সংশ্লিষ্ট একাধিক ঠিকাদার বলছেন, প্রভাবশালী ঠিকাদারদের একটি পক্ষ সিলেটে গণপূর্তের ১৭টি চলমান প্রকল্পের কাজ ও ব্যয়বহুল সিলেট কেন্দ্রীয় কারাগারের সর্বশেষ পর্যায়ের কাজে প্রভাব ফেলতেই শেখ মিজানুর রহমানকে সিলেটে নিয়ে আসছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই দপ্তরের এক কর্মকর্তা বলেন, জুন হচ্ছে সব প্রকল্পকাজ হস্তান্তর বা অগ্রগতি মূল্যায়নের মাস।
১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তর প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হওয়ার পর অর্থমন্ত্রী নতুন কারাগার নির্মাণ এলাকা ১১ জানুয়ারি পরিদর্শন করেন। আগামী জুন-জুলাই নাগাদ নতুন কারাগার চালুর ঘোষণাও দেন তিনি। কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্প তদারককারী গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বদলি নিয়ে একের পর এক আদেশের পরিপ্রেক্ষিতে প্রকল্প-সংশ্লিষ্টদের মধ্যে প্রকল্পকাজ দ্রুত সম্পন্ন হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বদলির সর্বশেষ আদেশ বহাল থাকলে আগামীকাল রোববার নির্বাহী প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা। জিল্লুর রহমান দেড় মাসের মধ্যে চার দফা আদেশের বিষয়টি গতকাল শুক্রবার প্রথম আলোকে নিশ্চিত করেন। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হওয়ায় এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অধিদপ্তরের জেলা কার্যালয়ের নথি থেকে জানা গেছে, তাঁর বদলি, স্থগিত ও বদলি-সংক্রান্ত চারটি আদেশ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে এসেছে। এসব আদেশে দেখা গেছে, ১ ডিসেম্বর প্রথম দফা বদলির আদেশ গণপূর্তের তৎকালীন প্রধান প্রকৌশলী মো. কবির আহমদ ভূঞা স্বাক্ষরিত। এতে জিল্লুর রহমানকে ৮ ডিসেম্বরের মধ্যে সিলেট থেকে কুষ্টিয়ায় যোগদান করতে বলা হয়। ৮ ডিসেম্বর ওই বদলি স্থগিতের আদেশও দেন তিনি। চলতি বছরের ১২ জানুয়ারি তৃতীয় দফা আদেশটি দেন অধিদপ্তরে নতুন যোগ দেওয়া প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুনশি। জিল্লুর রহমানকে কুষ্টিয়ায় বদলি বাতিল করে ১৭ জানুয়ারির মধ্যে কুড়িগ্রামে যোগদানের নির্দেশ দেওয়া হয়। ১৩ জানুয়ারি আরেকটি আদেশে তিনি ২৪ জানুয়ারি পর্যন্ত আগের আদেশ স্থগিত করে আরেকটি প্রজ্ঞাপন জারি করেন।
দেড় মাসে চার দফা আদেশ এবং এ নিয়ে নানা গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে অধিদপ্তরের সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তুরাজ উদ্দিন ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত’ বলে এড়িয়ে যান।
গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশল বিভাগ থেকে জানা গেছে, জেলায় ১৭টি চলমান প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় প্রকল্পকাজ হচ্ছে শহরতলির বাদাঘাট এলাকায় নতুন কারাগার নির্মাণ প্রকল্প।
গতকাল সরেজমিনে প্রকল্প এলাকায় দেখা গেছে, নতুন কারাগার নির্মাণ প্রকল্পে বর্তমানে সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠান একযোগে কাজ করছে। এর মধ্যে ‘মোহাম্মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের শুরু থেকে কাজ করছে। ওই প্রতিষ্ঠানের প্রকল্প নির্বাহী শাহজাহান কবীর বলেন, কারাগার নির্মাণকাজ শেষ হওয়ার আগে আর মাত্র মাস ছয়েকের জন্য তদারককারী পরিবর্তনের সিদ্ধান্তে প্রকল্প-সংশ্লিষ্টদের মধ্যে পুরো কাজ ঝুলে যাওয়ার শঙ্কা বিরাজ করছে।