বদলে গেছে চেনা পথ চেনা শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনের চেনা পথ, চেনা শহর এখন অনেকটাই অচেনা। মৌলভীবাজারের বিভিন্ন সড়ক এখন নতুন সাজে সেজেছে। নানা রকমের তোরণ, ব্যানার, ডিজিটাল ফেস্টুন ও পোস্টারে ভরে গেছে সড়ক ও এর পাশের বিভিন্ন স্থাপনা। যেন শহরজুড়ে উৎসবের রং। আর এসবই করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। উপলক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৌলভীবাজার সফর। প্রধানমন্ত্রী আজ শনিবার মৌলভীবাজার আসছেন। তিনি যেসব পথ দিয়ে আসা-যাওয়া করবেন, সেসব পথেই তোরণ স্থাপন এবং ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। কিন্তু পোস্টার আছে সবখানে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার পৌর এলাকার সড়ক ও জনপথ কার্যালয় থেকে বেড়িরপাড়, এখান থেকে শহরের শাহ মোস্তফা সড়কের প্রেসক্লাব মোড় এবং কোর্ট রোডের সার্কিট হাউস এলাকা থেকে মনু সেতু পর্যন্ত অর্ধশতাধিক তোরণ স্থাপন করা হয়েছে। কয়েক হাত পর পর স্থাপন করা এই তোরণের কোনোটি দলের নামে, কোনোটি নেতা-কর্মীর নামে। তবে এই তোরণ শুধু মৌলভীবাজার পৌর এলাকাতেই নয়। প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল থেকে সড়কপথে মৌলভীবাজার আসবেন। এই পথে আরও অর্ধশতাধিক তোরণ তৈরি করা হয়েছে। ফলে তোরণের সংখ্যা শতাধিক হবে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ছাড়া আছে প্রচুর ডিজিটাল ব্যানার ও ফেস্টুন। এতে প্রধানমন্ত্রীর আগমনকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে নিজেদের ছবি ছাপানো হয়েছে। সহস্রাধিক ফেস্টুন প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার পথের দুই ধারে, চৌমোহনা, সরকারি উচ্চবিদ্যালয় মাঠের কোর্ট রোড এলাকা, প্রেসক্লাব মোড় ও বেড়িরপাড় এলাকায় টাঙানো আছে। কিছু কিছু ফেস্টুন নেতা-কর্মীরা সরাসরি নিজেদের নামে তৈরি করেছেন। কেউ আবার স্থানীয় নেতার পক্ষ হয়ে স্থানীয় নেতা ও নিজের ছবি দিয়ে ছেপেছেন। এতে কোনো কোনো নেতাকে আগামী জাতীয় সংসদে সাংসদ হিসেবে দেখার প্রত্যাশা করা হয়েছে। অপরদিকে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্থানীয় অনেক নেতা-কর্মী তাঁদের নামে রঙিন পোস্টার ছাপিয়ে শহর থেকে গ্রাম পর্যন্ত দেয়ালে দেয়ালে সেঁটে দিয়েছেন। এই পোস্টারও সংখ্যায় কয়েক লাখ হবে বলে পোস্টার মুদ্রণের সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে। ওই সব তোরণ, ব্যানার বা ফেস্টুন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তরুণ লীগ, মহিলা লীগসহ দলের সহযোগী সংগঠনের নামে তৈরি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একটি সূত্র জানিয়েছে, এই তোরণ, ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও পোস্টারের খরচ কোটি টাকার কম হবে না। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহর যানজটমুক্ত রাখতে গত বুধবার দুপুরের পর থেকে আজ পর্যন্ত মৌলভীবাজার শহরে টমটম (ইজিবাইক) চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মোড় থেকে যাত্রী পরিবহনের সময় একটি মোটরচালিত অটোরিকশার চালক মো. হারুনুর রশীদ (২২) এই সাজসজ্জা সম্পর্কে তাঁর প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, ‘দেখতে ভালো লাগছে। তবে আরও ভালো লাগত, যদি এই টাকা দিয়ে সেন্ট্রাল রোডের (এম সাইফুর রহমান সড়ক) চৌমোহনা থেকে পশ্চিম বাজার পর্যন্ত (ভাঙাচুরা রাস্তা মেরামত) পাকা করা হতো। সরকার তো উন্নয়ন করতে চায়। এ টাকা উন্নয়নের কাজে ব্যবহার করলে ভালো লাগত।’