
বেশ কয়েক দিন ধরেই চলছিল টানা তাপপ্রবাহ, তার সঙ্গে তো জ্যৈষ্ঠের খররোদ ছিলই। দুর্বিষহ হয়ে উঠেছিল জীবনযাত্রা। প্রকৃতির এই চরম পরিবেশে গতকাল রোববার থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। প্রাত্যহিক জীবনযাত্রার রুটিন যেমন বদলে গেছে, তেমনি রোজার শুরুর দিনটি থেকেই বদলে গেছে আবহাওয়াও।
সকাল থেকেই রাজধানীর আকাশে শুরু হয়েছিল ধূমল মেঘের ভেসে আসা। একটা সময় তার আড়ালে ঢাকা পড়ল তেজি সূর্য। খরতাপ কমে এল। তারপর দুপুর বারোটা নাগাদ শুরু হলো বহু প্রত্যাশিত বৃষ্টি। প্রথমে গুঁড়ি গুঁড়ি, তারপর মাঝারি বর্ষণ হলো ঘণ্টাখানেকের ওপরে। ফলে প্রথম রোজার দিনটি স্বস্তিতেই কাটিয়েছেন রোজাদাররা।
বরাবরের মতোই রমজান মাসের প্রথম দিন থেকেই রাজধানীতে বদলে গেছে পরিবেশ। সকালে ঘুম থেকে উঠে চাকুরেদের অফিসে যাওয়ার তাড়া ছিল ঠিকই, কিন্তু তাড়া ছিল না নাশতার। ওদিকে আবার অধিকাংশ স্কুলেই রমজানের ছুটি হয়ে গেছে।
অফিস-কাচারি-বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে কাজের তাড়া শুরু হয়েছিল সকাল থেকেই। অনেক প্রতিষ্ঠানেই কাজের বা আর্থিক লেনদেনের সময় এগিয়ে আনা হয়েছে। ব্যাংকগুলোতে আর্থিক লেনদেনের সময় এখন সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। চাকরিজীবীরা চেষ্টা করেছেন হাতের কাজ দ্রুত শেষ করে ঘরে ফিরে পরিবারের সবার সঙ্গে প্রথম রোজার ইফতার করতে। ভিড় বাড়ে গণপরিবহনে। দুপুরের পর থেকে শহরে যানজটও বেড়ে যায়।
দিনের বেলায় পানাহার থেকে বিরত থেকে সিয়াম সাধনায় নিবেদিত ছিলেন ধর্মপ্রাণ লোকেরা। এ কারণে হোটেল-রেস্তোরাঁগুলোর ঝাঁপ বন্ধই দেখা গেছে। পথের মোড়ে বা ফুটপাতের খাবার ও চায়ের দোকানের সামনেও কাপড় বা পর্দা দিয়ে ঘিরে আড়াল টানা হয়েছিল। রোজাদারদের প্রতি সম্মান জানাতে নিজের আচার-আচরণে সংযম এবং শিষ্টাচার মেনে চলতে সচেষ্ট ছিলেন রোজাদার-বেরোজাদার সবাই।
শহরের দৃশ্যপট বদলে যেতে থাকে দুপুরের পর থেকেই। হোটেল রেস্তোরাঁগুলোর সামনে, পাড়া-মহল্লার মোড়ে, স্টেশন-টার্মিনালের পাশে, ফুটপাতে-লালসালুতে ঢাকা টেবিল পেতে বসে যায় ঐতিহ্যবাহী ইফতারির পসরা।
চকবাজারে দেখা গেছে, পুরোনো জেলখানার মোড় থেকে চক শাহি মসজিদের সামনের সড়কজুড়ে বসেছে ইফতারির বাজার। এখানে ছিল সবজির উপকরণগুলোর পাশাপাশি সুতি কাবাব, শামি কাবাব, রেশমি কাবাব, কবুতর, কোয়েল পাখি, মুরগি ও খাসির আস্ত পায়ের রোস্টসহ মাংসের বেশ কয়েক রকম খাবার ও কাবাবের সমারোহ। ঝাল খাবারের সঙ্গে এখানে ভালো মাঠা ও ঘোল নিয়ে বসেন ঘোষেরা। বেইলি রোডেও বসে ইফতারির বাজার। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখা গেল, ইফতারির দাম বিশেষ বাড়েনি।
আম, লিচু, জামরুল, তরমুজ, ফুটি, আনারস, পেয়ারাসহ হরেক রকম মৌসুমি ফল উঠেছে বাজারে। তার সঙ্গে আপেল, মাল্টার মতো বিদেশি ফল আর খেজুর তো আছেই। এসব ফলও যোগ হচ্ছে ইফতারের টেবিলে।
আসরের নামাজের পর থেকেই বেচাকেনা বাড়তে থাকে ইফতারির দোকানগুলোতে। মসজিদগুলোতে আয়োজন করা হয় গণ-ইফতারের। সূর্য যায় অস্তাচলে। খাবার-পানীয় সামনে নিয়ে রোজাদাররা বসেন মাগরিবের আজানের সেই প্রতীক্ষিত মুহূর্তটির জন্য।