বদলে গেছে রেস্তোরাঁ ব্যবসার ধরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার মাসে বদলে গেছে অধিকাংশ মানুষের খাদ্যাভ্যাস। সেই সঙ্গে বদলে গেছে রেস্তোরাঁগুলোর ব্যবসার ধরন। সকালের নাশতা, দুপুরের খাবারের সময় রেস্তোরাঁর ব্যস্ততা নেই। সারা দিন রেস্তোরাঁর কর্মচারীরা ব্যস্ত থাকছেন ইফতারের নানান মুখরোচক পদ তৈরিতে। রোজায় রেস্তোরাঁগুলোর ব্যবসা জমছে মূলত ইফতার-সাহরির সময়।
বিকেল হলেই রেস্তোরাঁগুলোয় জমছে ক্রেতাদের ভিড়। আগে সারা দিন ব্যবসা করলেও অনেক রেস্তোরাঁ খুলছে ইফতারের কিছুক্ষণ আগে। খাবারের পদে ভিন্নতা আনতে এবং নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে ইফতারের পাশাপাশি রাতের খাবারের ব্যবস্থাও করেছে অনেক রেস্তোরাঁ।
রাজধানীর নতুন খাবারপাড়া খিলগাঁও তালতলার প্রথম রুফটপ বা খোলা ছাদ রেস্তোরাঁ ‘আল ফ্রেসকো’। এই এলাকারই তরুণ চার বন্ধু মিলে শুরু করেছেন এটি। রোজার প্রথম দিন থেকে এই রেস্তোরাঁ খুলছে ইফতারের আগে। আল ফ্রেসকোর উদ্যোক্তাদের একজন মাহমুদুল হাসান বললেন, ‘অন্যান্য সময় ব্যবসার সময় যা-ই থাক, রোজায় আমাদের ব্যবসা ইফতারকেন্দ্রিক। ইফতারের আগে খুললে দেখা যায়, ক্রেতা খুব একটা হয় না। আর নিজেদেরও প্রস্তুতির একটি ব্যাপার থাকে। তাই এখন ইফতারের সময়ই খোলা হচ্ছে।’
ধানমন্ডির সাতমসজিদ সড়কের জি এইচ হাইটস ভবনে আছে খাবারের নয়টি রেস্তোরাঁ। এই ভবনের ‘কমিক ক্যাফে’ আগে সকালে খোলা হলেও এখন খুলছে বিকেল চারটায়। ক্যাফের উদ্যোক্তাদের একজন মেহেদি হোসেন বলেন, চারটা থেকে খুললেও খাবার পরিবেশন করা হয় না, পার্সেল দেওয়া হয়। ইফতারের কিছুক্ষণ আগে থেকে খাবার পরিবেশন করা হয়।
ইফতারের পাশাপাশি রাতের খাবারের ব্যবস্থাও রয়েছে অনেক রেস্তোরাঁয়। মূলত ইফতারের সঙ্গে একত্রে রাতের খাবারের ব্যুফে সুবিধা দিচ্ছে বিভিন্ন রেস্তোরাঁ। ক্রেতারাও বেশ সাগ্রহে গ্রহণ করছেন এ সুযোগ। ধানমন্ডির একটি রেস্তোরাঁয় বন্ধুদের নিয়ে ইফতার করতে আসা এনামুল হক বলেন, ‘তাড়াহুড়ো করে ইফতার না করে এসব রেস্তোরাঁয় তিন-চার ঘণ্টা আড্ডা দেওয়ার পাশাপাশি খাবার খাওয়া যায়। অন্য সময় যে আড্ডাটা দিনে দিতাম, সেটা ইফতারের পরে দিচ্ছি।’
ইদানীং অনেকে ঘরের বাইরে সাহরি খেতেও দল বেঁধে বেরিয়ে পড়ছেন। রেস্তোরাঁগুলোও খোলা থাকছে সাহরি পর্যন্ত। মধ্য রাতেও রেস্তোরাঁর ভেতরে ঢুকে বোঝা যায় না, রাত না দিন! সব চেয়ারই ক্রেতায় ভরা। খাবার পরিবেশনকারীরাও তুমুল ব্যস্ত। ‘হোটেল আল-রাজ্জাক’-এর বিপণন ব্যবস্থাপক রানা হোসেন প্রথম আলোকে বলেন, সকালে এখন রেস্তোরাঁ বন্ধ থাকছে। দুপুরে খুললেও চলে ইফতারের আয়োজন। ইফতার থেকে শুরু করে ক্রেতার ভিড় থাকে সাহরি পর্যন্ত। রোজার সময় এই কয়েক ঘণ্টাতেই ব্যবসা হয়। উত্তরার ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডের রেস্তোরাঁ ‘লেক টেরেস’ বেলা দুইটা থেকে খুললেও বিকেল চারটার পর থেকে ইফতারের জন্য বিশেষ আয়োজন করে।