বদলে গেল জীবনধারা
জৈব গ্যাসে বদলে গেছে বগুড়ার প্রত্যন্ত এলাকার গ্রাম পারভবানীপুর।
গ্রামের বাসিন্দা পল্লি চিকিৎসক শফিকুল ইসলাম গর্ব করে বলেই ফেললেন, গ্যাসের কারণে এ গ্রামের জীবনধারা পাল্টে গেছে। কদর বেড়েছে এখানকার মানুষের। আগে গ্যাস ছিল না, পানি ছিল না, লোডশেডিংয়ে গ্রামজুড়ে অন্ধকার নেমে আসত। এখন চিত্র পাল্টে গেছে। ছেলেমেয়েদের বিয়ের প্রস্তাব এলে এখন আমরা গর্ব করে বলতে পারি, বাড়িতে গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ আছে।
গ্রামের কৃষক আবদুল হাকিম বলেন, ‘গরুর গোবর আগে বাড়ির পাশে ফেলে রাখতাম। নোংরা লাগত। বর্ষায় ধুয়ে যেত। বছর শেষে জমিতে দিতাম। জৈব সারে তেমন ফল পেতাম না। এখন এক গরুর বর্জ্য বেচে মাসে ১০০ টাকা পাই। জৈব গ্যাস প্ল্যান্ট থেকে পাঁচ টাকা কেজি দরে জৈব সারও কিনতে পারি।’
পারভবানীপুর গ্রামের জৈব গ্যাস প্ল্যান্টের উদ্যোক্তা ফজলুল হক সরকার প্রথম আলোকে বলেন, আট মাসে এ গ্রামে ৩৭টি চুলায় গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। চুলাপ্রতি মাসে ৫০০ টাকা নেওয়া হয়। লোডশেডিংয়ের সময় ৩০০ বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য পরিবারপ্রতি ১০০ টাকা নেওয়া হয়। জৈব গ্যাসচালিত গভীর নলকূপ থেকে পানি সরবরাহের জন্য উঁচু ট্যাংক নির্মাণ করা হয়েছে। প্রতিদিন তিন হাজার মেট্রিক টন গোবর সংগ্রহ করায় কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এখানকার জৈব সার গ্রামের কৃষিতে অভাবনীয় বিপ্লব আনছে।
পারভবানীপুরের মতো বগুড়ার বামুনিয়া, ভবানীপুর, ভাসুবিহার, স্বরূপগ্রামসহ মোট ১২টি গ্রামে এভাবে বর্জ্যকে সম্পদে পরিণত করা হচ্ছে। এ কাজে সহায়তা করছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। গ্রামভিত্তিক জৈব গ্যাস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ জনপদে গ্যাস পৌঁছানোর লক্ষ্যে আরডিএ ৫২ কোটি টাকা ব্যয়ে ‘কমিউনিটি জৈব গ্যাস প্রকল্প’ বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল ভাবনা ‘বর্জ্য আপদ নয়, সম্পদ’। জৈব গ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, খাওয়ার পানি ও কৃষকদের জৈব সার সরবরাহ করছে আরডিএ। একই সঙ্গে আরডিএ নিজস্ব ক্যাম্পাস ও দুগ্ধ খামারের জৈব বর্জ্য কাজে লাগিয়ে প্রধান কার্যালয় ও আবাসিক ভবনে গ্যাস, বিদ্যুৎ ও খাওয়ার পানি সরবরাহ এবং বোতলজাত গ্যাস পরিবহনে ব্যবহার করছে। আরডিএর জৈব গ্যাস প্ল্যান্ট থেকে উৎপাদিত জৈব সার বাজারজাত করছে একটি প্রতিষ্ঠান।
আরডিএর কমিউনিটি জৈব গ্যাস প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সমীর কুমার সরকার প্রথম আলোকে বলেন, প্রকল্প এলাকায় প্রতিদিন গড়ে সাড়ে আট হাজার ঘনফুট জৈব গ্যাস উৎপাদিত হচ্ছে। এই গ্যাস পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি দেওয়া হয়েছে। জৈব গ্যাসচালিত জেনারেটর দিয়ে বাসাবাড়িতে বৈদ্যুতিক বাতির সংযোগ দেওয়া হয়েছে। গভীর নলকূপের স্থানে উঁচু ট্যাংক স্থাপন করে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। প্রতিটি জৈব গ্যাস প্ল্যান্ট থেকে ৫০ থেকে ৬০টি করে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। এ পর্যন্ত গ্যাস-সুবিধা ভোগ করছে প্রায় এক হাজার ৬০০ পরিবার। প্রতিটি প্ল্যান্ট থেকে ২০০ করে পানির সংযোগ দেওয়া হয়েছে। এ পর্যন্ত নিরাপদ পানির সংযোগ পেয়েছে দুই হাজার ১০০ পরিবার। জৈব গ্যাস প্ল্যান্ট থেকে বিদ্যুৎ-সংযোগ নিয়ে এক হাজার ছয়টি পরিবার এক হাজার ৭০০ বাতি, ৯৬টি ফ্যান ও ১২টি রেফ্রিজারেটর চালাচ্ছে। প্রকল্প এলাকায় প্রতিদিন গড়ে ৪০ মেট্রিক টন জৈব সার উৎপাদিত হচ্ছে।
সমীর কুমার সরকার আরও বলেন, একটি পরিবারের জন্য জৈব গ্যাস উৎপাদন করতে ব্যয় হয় গড়ে ৬০ হাজার টাকা। ওই টাকায় পাঁচ ঘনমিটার গ্যাস উৎপাদন সম্ভব হয়। ওই পরিমাণ গ্যাসে কোনো রকমে একটি পরিবারের রান্না চলে। অন্যদিকে আরডিএ কমিউনিটি জৈব গ্যাস প্ল্যান্টে উদ্যোক্তাদের খরচ পড়ে সাড়ে ১৪ লাখ টাকা। ওই টাকা ১০ বছর ধরে বিনা সুদে ১০ কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। এই প্ল্যান্টে ১৩০ থেকে ২০০ ঘনমিটার গ্যাস উৎপাদিত হয়। প্রতিদিন তিন হাজার কেজি বর্জ্য ধারণক্ষমতার এ প্ল্যান্ট থেকে পাঁচ কেভিএ ক্ষমতাসম্পন্ন জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ ও গভীর নলকূপের সাহায্যে প্রতিদিন পাঁচ হাজার লিটার পানি সরবরাহ করা যায়।
সরেজমিনে দেখা গেছে, একাডেমির নিজস্ব খামারের ১২৭টি গরুর বর্জ্য সরাসরি পাইপলাইনের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্টে গিয়ে পড়ছে। এ ছাড়া একাডেমি ক্যাম্পাসের যাবতীয় ময়লা-আবর্জনা সরাসরি গিয়ে পড়ছে প্ল্যান্টে। একাডেমির নিজস্ব প্ল্যান্ট থেকে ৭৫ ঘনমিটার গ্যাস সরবরাহ করা হচ্ছে আবাসিক এলাকার ৪৩টি বাসাবাড়িতে। উৎপাদিত গ্যাস দিয়ে চালানো হচ্ছে ২৫০ কেভিএ ক্ষমতাসম্পন্ন জেনারেটর। এখান থেকে বোতলজাত করা গ্যাস ব্যবহার করা হচ্ছে একাডেমির পরিবহন পুলে। এখানে রয়েছে প্রতিদিন সাড়ে ২৩ হাজার মেট্রিক টন জৈব সার উৎপাদনের ব্যবস্থা।
আরডিএ থেকে ছয় কিলোমিটার দূরে পারভবানীপুর গ্রাম। ১৮ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, ঘরে ঘরে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ রয়েছে। টিনের বেড়াঘেরা একটি বাড়ির রান্নাঘরে গ্যাসের চুলায় পাতিল চড়াচ্ছিলেন গৃহবধূ তাহমিনা বেগম। তিনি বলেন, মাসে সাত মণ খড়ি লাগত। এতে এক হাজার ২০০ টাকা ব্যয় হতো। বর্ষাকালে টাকা দিয়েও খড়-খড়ি কিছুই মিলত না। এসবে রান্না করতে গিয়ে ধোঁয়া-কালিতে নাকাল হতে হতো। আট মাস ধরে গ্যাসে রান্না চলছে। ৫০০ টাকা খরচ হচ্ছে। জ্বালানি নিয়ে এখন নিশ্চিন্ত।