রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট। সময় দুপুর সোয়া ১২টা। কয়েকজন ক্রেতা কয়েকটি দোকানে চিনি চাইতেই বলা হলো, ‘চিনি নেই’। যে দোকানে আছে, সেখানে দাম চাওয়া হলো ৭০ টাকা কেজি।হঠাৎ দোকানদারদের কথা বদলে গেল। জানালেন, দুপুর একটার মধ্যে চিনি আসবে। চিনি এল, প্রতি কেজি বিক্রি হলো সরকার নির্ধারিত ৬৫ টাকায়। টাঙানো হলো মূল্যতালিকাও।কিন্তু দুপুর দেড়টার দিকে ওই বাজারের চিত্র আবার বদলে গেল। ক্রেতাদের শুনতে হলো, ‘চিনির সরবরাহ কম।’ ক্রেতাদের চিনি কিনতে হলো প্রতি কেজি ৬৭ বা ৬৮ টাকায়।এই তিন চিত্র বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিনিধিদলের পরিদর্শনের আগের, পরিদর্শনকালের ও পরিদর্শনের পরের। ফলে গতকাল মঙ্গলবার বাজার পরিদর্শনকালে কমিটি তেমন অসংগতি দেখেনি। কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম উপস্থিত সাংবাদিকদের বললেন, সরকার নির্ধারিত দামেই চিনি-ভোজ্যতেল বিক্রি হচ্ছে। যেসব দোকানে চিনি নেই, সেখানে দুপুরের মধ্যেই চিনি এসে যাবে।টাউন হল মার্কেটে কমিটি যায় দুপুর সোয়া ১২টার দিকে। কমিটির উপস্থিতি টের পেয়ে কথা ও চিনির দাম বদলে ফেলেছিলেন দোকানদারেরা। কমিটি সেখানে ছিল প্রায় এক ঘণ্টা।কিন্তু তা হয়নি। সংসদীয় কমিটি টাউন হল মার্কেট থেকে চলে আসার পর পরিস্থিতি আবার বদলে যায়। দুপুর দেড়টার দিকে সেখানকার অনন্যা জেনারেল স্টোরে চিনি কিনতে যান শিল্পকলা একাডেমীর নৃত্যশিল্পী শফিক রহমান। সেখানে তখন কয়েকজন সাংবাদিক ছিলেন। শফিককে ওই দোকানের কর্মচারী মো. ফরিদ বলেন, অন্য সওদা না কিনলে শুধু চিনি বিক্রি হবে না। কারণ জানতে চাইলে ফরিদ বলেন, চাহিদা অনুসারে চিনি পাওয়া যাচ্ছে না। এ ছাড়া চিনি কিনতেই হচ্ছে ৬৫ টাকা কেজিতে। তাই এ দামে চিনি কিনতে হলে অন্য সওদা কিনতে হবে। নইলে কেজিতে দুই টাকা বেশি দিতে হবে। শফিক রহমান দোকানে টাঙানো মূল্যতালিকা এবং সরকার নির্ধারিত দামের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফরিদ বলেন, ‘বাধ্য হয়ে মূল্যতালিকা টাঙিয়েছি। আর ৬৫ টাকায় চিনি বিক্রি করলে লোকসান হবে।’দেড়টার পর ওই বাজারে চিনি ৬৭-৬৮ টাকায় বিক্রি হতে দেখা যায়। ৬৭ টাকা দরে কেনা রায়ের বাজারের গৃহবধূ আসমা হক প্রথম আলোকে বলেন, ‘সরকার নির্ধারিত দামের কথা দোকানিকে বলেও লাভ হয়নি। উল্টো দোকানি বলেছেন, সরবরাহ কম, তাই পাইকারিভাবেই তাঁরা ৬৫ টাকায় কিনেছেন।’ তবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সংসদীয় কমিটির বাজারে অবস্থানকালে তিনি ৬৫ টাকায়ই চিনি কিনেছেন।কমিটি ছোলার দর জানতে চাইলে দোকানিরা জানান, ৬২ থেকে ৬৫ টাকা কেজি। একটু পরেই নরসিংদী জেনারেল স্টোর থেকে এক ক্রেতা ৭০ ও ৮০ টাকা কেজি দরে দুই ধরনের ছোলা কেনেন। ওই ক্রেতা ছোলা কেনার রসিদ দেখান সংসদীয় কমিটির সঙ্গে থাকা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরাকে। ম্যাজিস্ট্রেট ওই দোকানে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে দোকানি বলেন, ‘ভুল হয়ে গেছে।’ দোকানি ক্রেতাকে সঙ্গে সঙ্গে বাড়তি টাকা ফেরত দেন।পরিদর্শনকালে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, ‘সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে। খোলা চিনি, তেল, ডালসহ বিভিন্ন পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।’ কমিটির সভাপতিকে করা বেশির ভাগ প্রশ্নেরই জবাব আগ বাড়িয়ে দেওয়ায় চেষ্টা করেন ব্যবসায়ী নেতা হেলালউদ্দিন। তিনি বলেন, রমজানের প্রথম দিন হওয়ায় একটু সমস্যা হচ্ছে। কাল থেকে সব ঠিক হয়ে যাবে। বাজারে চিনি না থাকার বিষয়ে তিনি বলেন, ‘দুপুর একটার মধ্যে দোকানে চিনি চলে আসবে।’