বদলে যাওয়ার মন্ত্রে মন ছুঁয়েছেন মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজ পাঠদানের আগে গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজেও শারীরিক কসরত (অ্যাসেম্বলি) হয়। শিক্ষার্থীরা জাতীয় সংগীত গায়, শপথবাক্য পাঠ করে। শারীরিক কসরতের সময় শিক্ষার্থীদের প্রতিদিন পাঁচ মিনিট করে হিতোপদেশ দেওয়া হয়। কখনো স্বাস্থ্য সচেতনতার কথা বলা হয়, কখনো বখাটেদের প্রতিরোধের কথা, মাদক ও মুখস্থবিদ্যা থেকে শিক্ষার্থীদের দূরে থাকার সদুপোদেশ দেওয়া হয়। কখনো ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে, কখনো মনীষীদের জীবনকাহিনি শুনিয়ে উদ্বুদ্ধ করা হয় তাদের। দীর্ঘ আট বছর ধরে এই বিদ্যাপীঠের একজন শিক্ষক নিরলসভাবে কাজটি করে যাচ্ছেন। শিক্ষক মাজহারউল মান্নানের পাঁচ মিনিটের ওই কথামালা বদলে দিচ্ছে শিক্ষার্থী, তাদের অভিভাবক, প্রতিদিন বিদ্যাপীঠে নানা কাজে আসা মানুষদের। আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলছে খুদে শিক্ষার্থীদের। প্রতিদিন সকাল সাতটা ৪৫ মিনিটে শারীরিক কসরতের সময় শিক্ষক মান্নান শিক্ষার্থীদের বদলে যাওয়ার শপথ করান। শুরুতেই মুষ্টিবদ্ধ হাত তুলে বিদ্যালয় শাখার প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী সমস্বরে নির্ধারিত শপথবাক্য পাঠ করে। পরে মাইকে পাঁচ মিনিট উপদেশমূলক বক্তৃতা দেন তিনি। বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ আট বছর ধরে কলেজের শারীরিক কসরতে শপথবাক্য পাঠ করানো হচ্ছে। সম্প্রতি যোগ হয়েছে বদলে যাওয়ার স্লোগান। অন্যান্য শপথের সঙ্গে এই স্লোগান কলেজে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন খাওয়ার আগে ও পরে ভালোভাবে হাত পরিষ্কার, নিয়মিত নখ-চুল কাটা, বাড়িতে খাবার স্যালাইন তৈরির পদ্ধতি, বাসি-পচা খাবার না খাওয়া ও প্রাতর্ভ্রমণ করে স্বাস্থ্য সুরক্ষার তাগাদা দেন শিক্ষক মান্নান। এসব নিয়ম না মানার কুফলগুলো তুলে ধরেন তিনি। আহম্মদ উদ্দিন নিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র নিলয় বলে, ‘স্যারের উপদেশ মনোযোগ দিয়ে শুনে তা পালন করি।’শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছে দিয়ে অনেক অভিভাবক ও রিকশা-ভ্যানচালক মাইকে উপদেশমূলক কথা শুনে উদ্বুদ্ধ হয়েছেন। গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ গ্রামের রিকশাচালক মোমিন মিয়া (৪০) বলেন, ‘পোত্তেক দিন একসাত করি ইসকুলোত ছাতরো নিয়্যা যাই। আস্তাত থ্যাকি মাইকোত কান পাতি থ্যাকি ভালো ভালো কতা শুনি। আগে হামরা বাড়িত সেলাইন বানবার পাইন্যাই। স্যারের কতা শুনি বাড়িত সেলাইন বানান শিকচি। ছোলপোলক বাসি ভাত খিলাই ন্যা। স্যারের কতা হামারঘরে কামোত নাগচে।’ উপাধ্যক্ষ মাজহারউল মান্নান বেশির ভাগ সময় অনিয়ম-দুর্নীতি ও মিথ্যার বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হতে বলেন। এসব হিতোপদেশ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে টাকা-পয়সা, ঘড়ি, বই-খাতা, কলম কুড়িয়ে পেলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের কাছে জমা দেয়। গাইবান্ধা শহরের সরকার পাড়ার চাকরিজীবী দিপু হাসান বলেন, ‘মান্নান সাহেবের প্রচেষ্টায় তাঁর প্রতিষ্ঠানের আশপাশের এলাকায় বখাটেপনা অনেকটা কমেছে। অ্যাসেম্বলিতে তিনি মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়াও তিনি প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের পাঠ মুখস্থ না করে তা ভালোভাবে বুঝে আত্মস্থ করার পরামর্শ দেন।’জেলা নাট্য পরিষদের সভাপতি আলমগীর কবির বলেন, ‘প্রতিদিন সকালে অধ্যাপক মান্নানের বদলে যাওয়ার কথা কানে ভেসে আসে। আমি ব্যক্তিগতভাবে মনোযোগ দিয়ে তাঁর কথা শুনি। আমার মতো এলাকার অনেকেই তাঁর কথা মনোযোগ দিয়ে শোনেন। তাঁর এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের চারপাশের মানুষ সচেতন হয়ে উঠছে।’ আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহম্মদ রমজান আলী বলেন, ‘উপাধ্যক্ষ মান্নান সাহেবের এসব উপদেশমূলক কথায় শিক্ষার্থীরা আদর্শবান হয়ে গড়ে উঠছে। ফলে সকাল থেকে ছুটি পর্যন্ত ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে।’ শিক্ষক মাজহারউল মান্নান প্রথম আলোকে বলেন, ‘এ উদ্যোগ অব্যাহত থাকবে। ভবিষ্যতে বদলে যাওয়ার স্লোগানটি বিদ্যালয়ের নির্ধারিত শপথবাক্যের সঙ্গে সংযুক্ত করা হবে।’ জীবন বৃত্তান্ত: ষাটের মতো বয়স শিক্ষক মান্নানের। ১৯৪২ সালে গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুরিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে তাঁর জন্ম। ১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বছর নলডাঙ্গা কলেজে প্রভাষক পদে যোগদান করেন। পরে গাইবান্ধা সরকারি কলেজ ও পরবর্তী সময় রংপুর কারমাইকেল কলেজ থেকে ১৯৯৯ সালে অবসর নেন তিনি। বর্তমানে তিনি গাইবান্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮২ সালে শহরের গোডাউন রোডে এই বিদ্যাপীঠটি গড়ে ওঠে। বর্তমানে এখানে ৬৮ জন শিক্ষক ও দুই হাজার ৫১৫ জন শিক্ষার্থী রয়েছে।