বদলে যাচ্ছে কৃষিচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারি উদ্ভাবিত এই কৃষিযন্ত্রটির নাম হাইস্পিড রোটারি পিলার। এটি দিয়ে একসঙ্গে জমি চাষ, মাটি সমান ও বীজ বপন করা যায় ষ ছবি: মাসুদ রানা
বারি উদ্ভাবিত এই কৃষিযন্ত্রটির নাম হাইস্পিড রোটারি পিলার। এটি দিয়ে একসঙ্গে জমি চাষ, মাটি সমান ও বীজ বপন করা যায় ষ ছবি: মাসুদ রানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালাবহ গ্রামে এখন আর গরুটানা লাঙল দিয়ে জমি চাষ হয় না। ওই গ্রামের কৃষক আহমদ উল্লাহর বয়ানে, ‘এই এলাকায় কোনো চাষের গরু নাই। জমি চাষ পুরাপুরি ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে করা হয়। ফসল মাড়াইও পুরাপুরি যন্ত্রনির্ভর।’ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর, চিন্তামোহন প্রভৃতি গ্রামের চিত্রও একই রকম। বাসুদেবপুরের কৃষক হোসেন আলী বলেন, শুধু তাঁদের গ্রামে কেন, ফুলবাড়ী উপজেলার কোথাও এখন আর লাঙল-গরু দিয়ে জমি চাষ হয় না। ফসল মাড়াইও পুরোটাই হয় যন্ত্রে।

এভাবে ক্রমাগতভাবে বদলে যাচ্ছে কৃষিপ্রধান বাংলাদেশের কৃষিকাজের চিরাচরিত চিত্র। বদলে যাচ্ছে চাষাবাদের পদ্ধতি। মান্ধাতা আমলের হাল-গরু আর লাঙল-জোয়ালের জায়গায় চলে এসেছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। দেশে এখন এমন কোনো অঞ্চল খুঁজে পাওয়া যাবে না, যেখানে কৃষিকাজে কোনো না কোনো যন্ত্রের ব্যবহার হচ্ছে না। কোনো কোনো অঞ্চলে জমি চাষ থেকে শুরু করে রোপণ, সার প্রয়োগ, ফসল কাটা, মাড়াই ও বস্তাবন্দী পর্যন্ত সব কাজে ব্যবহূত হচ্ছে আধুনিক যন্ত্রপাতি।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে জমি চাষের ৯০ শতাংশই হচ্ছে পাওয়ার টিলার ও ট্রাক্টর দিয়ে। ফসল মাড়াইয়ে যন্ত্রের ব্যবহার হচ্ছে প্রায় ৯৫ শতাংশ। এ ছাড়া খেতে গুটি ইউরিয়া প্রয়োগ, নিড়ানি দেওয়া, ফসল কাটা প্রভৃতি কাজেও কৃষি যন্ত্রপাতির ব্যবহার ক্রমেই বাড়ছে। সেচ ও কীটনাশক প্রয়োগ তো অনেক আগে থেকেই যন্ত্রনির্ভর। দেশে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রথম শুরু হয় আশির দশকে। ১৯৮৮-৮৯ সালে তা আরও প্রসার লাভ করতে থাকে। তখন পর্যন্ত এসব যন্ত্রপাতি ছিল আমদানি করা। এরপর বারি ও ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কৃষি প্রকৌশলীরা যন্ত্রপাতি উদ্ভাবন শুরু করেন এবং সময় সময় সেগুলোর উন্নত সংস্করণ তৈরি করতে থাকেন।

বারির ‘ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং’ বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা কৌশিক কুমার সাহা ও মশিউর রহমান জানান, তাঁদের বিভাগের উদ্যোগে এখন পর্যন্ত ২২ ধরনের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে। এর মধ্যে হাইস্পিড রোটারি টিলারের মতো যন্ত্রও রয়েছে, যা দিয়ে একই সঙ্গে চাষ ও বীজ বপন করা যায়। কৃষক পর্যায়ে এগুলোর ব্যবহার বাড়াতে যন্ত্রবিশেষে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়ে বিক্রি করা হয়। এর পাশাপাশি ২০১০ সাল থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও ‘খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি’ প্রকল্প হাতে নেয়। এ প্রকল্পের আওতায় সরকার কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কৃষকদের ভর্তুকি দেয়। যান্ত্রিক কৃষিকাজে দক্ষ করে তুলতে কৃষকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করে। ২০১২ সালে এই প্রকল্পের প্রথম পর্যায় শেষে এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের কাজ।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, আধুনিক কৃষিকাজের জন্য যান্ত্রিকীকরণ খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৃষিকাজে ব্যয় সীমিত রাখা যাবে। শিক্ষিত তরুণেরাও কৃষিকাজের প্রতি আকৃষ্ট হবেন। সামগ্রিকভাবে কৃষিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে, যা ইতিমধ্যে পড়তে শুরুও করেছে। মাহবুব হোসেন বলেন, স্বাধীনতার পর সরকারি উদ্যোগে কৃষি যান্ত্রিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তখন শ্রমশক্তি ও পশুশক্তি উদ্বৃত্ত থাকায় কৃষক এতে আগ্রহী হননি। এখন কৃষিকাজে শ্রমশক্তির অভাব দেখা দেওয়ায় মজুরি অনেক বেড়ে গেছে। পশুশক্তির অভাব দেখা দিয়েছে। পশু লালন-পালনের ব্যয় এবং সমস্যা অনেক বেড়েছে। এ অবস্থায় যান্ত্রিকীকরণ জরুরি হয়ে উঠেছে। এখন সরকার যেমন এগিয়ে এসেছে, তেমনি কৃষকও তা সানন্দে গ্রহণ করছেন। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও অন্যান্য সেবা খাতের প্রসার ঘটতে থাকায় কৃষিকাজে শ্রমশক্তির ঘাটতি দেখা দিতে থাকে। পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মাংসের জোগান অব্যাহত রাখতে অভাব দেখা দেয় পশুশক্তির।

এর ফলে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির ক্ষেত্র তৈরি হয়। বড় কৃষকেরা নিজেদের উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়াতে থাকেন। ছোট কৃষকেরা তাঁদের কাছ থেকে ভাড়ার ভিত্তিতে এবং কোনো কোনো ক্ষেত্রে সমবায়ভিত্তিক বিনিয়োগের মাধ্যমে কৃষিযন্ত্র ব্যবহারের দিকে ঝুঁকতে থাকেন। এভাবে প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকায় কৃষিকাজে সময়, শ্রম ও ফসলের অপচয় কমে আসছে। প্রতিবছর কৃষিজমির পরিমাণ কমার পরও শস্য উৎপাদন বাড়ছে। বারির জরিপের তথ্য অনুযায়ী, কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার প্রতিবছর মোট খাদ্যশস্য উৎপাদনের ১০ শতাংশ পর্যন্ত অপচয় রোধ করতে পারে। কৃষিকাজের প্রতিটি স্তরে যন্ত্রের ব্যবহার নিশ্চিত করা গেলে বর্তমান হিসাবে বছরে আরও ৭০ মিলিয়ন (সাত কোটি) টন খাদ্যশস্য বেশি পাওয়া যেত।

বারির ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের এক জরিপে দেখা গেছে, কৃষিতে যান্ত্রিকীকরণে শুধু গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র ও মাড়াই যন্ত্র ব্যবহারের ফলে ইউরিয়া সাশ্রয় ও ফসলের অপচয় রোধ করে বছরে সাত হাজার ৩৫০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের প্রথম পর্যায়ে (২০১০-১২) দেশের ৩৫টি জেলায় সরকার বিভিন্ন ধরনের মোট ৩৮ হাজার ৩৩৮টি কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কৃষকদের ২৫ শতাংশ হারে প্রায় ১১৯ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এর মাধ্যমে কৃষক ৩৪ হাজার ৬৯১টি পাওয়ার টিলার, এক হাজার ২৯৪টি ট্রাক্টর, এক হাজার ৮২১টি পাওয়ার থ্রেসার (মাড়াইযন্ত্র), আটটি কম্বাইন্ড হারভেস্টার (একসঙ্গে ফসল কাটা, মাড়াই ও বস্তাবন্দী করার যন্ত্র), ৫০০ স্প্রেয়ার (কীটনাশক ছিটানোর যন্ত্র) প্রভৃতি কিনেছেন।

এ ছাড়া প্রকল্পের প্রথম পর্যায়ে প্রায় পাঁচ হাজার কৃষক, প্রায় ৭০০ মেকানিক, প্রায় এক হাজার কৃষি ও কারিগরি কর্মকর্তা প্রশিক্ষণ পেয়েছেন। জানতে চাইলে প্রকল্পের পরিচালক শেখ মো. নাজিম উদ্দিন বলেন, প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের (জুলাই ২০১৩-জুন ২০১৮) বাস্তবায়ন শুরু হয়েছে। দেশের সব কটি জেলার সব উপজেলায় কৃষিযন্ত্র কেনার জন্য কৃষককে ২৫ শতাংশ হারে ভর্তুকি দেওয়া হবে। তবে প্রথম পর্যায়ের ৩৫ জেলার তুলনায় নতুন ২৯টি জেলা এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। যন্ত্রপাতির প্রদর্শনী করা হবে ৫০টি জেলার ২০০ উপজেলায়। প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়েও কৃষক, মেকানিক, কৃষি কর্মকর্তা প্রভৃতি সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এই পর্যায়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭২ কোটি টাকা।

শেখ মো. নাজিম উদ্দিন আরও বলেন, প্রচলিত পদ্ধতিতে কাটা ও মাড়াইতে প্রায় ১৪ শতাংশ ফসল নষ্ট হয়। যান্ত্রিক পদ্ধতিতে তা ৫ শতাংশের কম হয়। বোরো মৌসুমে প্রচলিত পদ্ধতিতে এক একর জমির ফসল কাটতে কৃষকের ব্যয় হয় প্রায় ছয় হাজার ৭৫০ টাকা। কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কাটা-মাড়াই করতে ব্যয় হয় আড়াই হাজার টাকারও কম। এ ছাড়া যান্ত্রিক পদ্ধতিতে ফসলের অপচয় কম হওয়ায় কৃষক আরও প্রায় পাঁচ হাজার টাকার ফসল বেশি পান। কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ফলে দেশের কৃষক পর্যায়ে নতুন নতুন যন্ত্রপাতি তৈরির এক সৃজনশীল প্রবণতা তৈরি হয়েছে। বেশ কয়েকজন কৃষক বিদেশ থেকে আমদানি করা যন্ত্রপাতির আদলে নিজস্ব পদ্ধতিতে কিছু যন্ত্রপাতি তৈরি করেছেন, যার ব্যবহার আরও সহজ। ব্যয়ও কম। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আনোয়ার হোসেন কম্বাইন্ড হারভেস্টার তৈরি করে এই শ্রেণীর সৃজনশীল কাজের অনুসরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. মঞ্জুরুল আলমের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ছোট-বড় প্রায় ৮০০ কারখানা এখন বারি ও ব্রির মডেলে কৃষি যন্ত্রপাতি তৈরি করছে। এ ছাড়া ৭০টি ফাউন্ডরি, প্রায় দেড় হাজার যন্ত্রাংশ তৈরি কারখানা ও প্রায় ২০ হাজার মেরামত ও রক্ষণাবেক্ষণ কারখানা এ কাজের সঙ্গে জড়িত।