বছর পাঁচেক আগেও সূর্য ডোবার সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে আসত দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের বাড়িঘর। হারিকেন আর কুপিবাতিতে চলত শিক্ষার্থীদের লেখাপড়া কিংবা পারিবারিক কাজ। এসব দৃশ্য এখন মনে করতে চান না স্কুলশিক্ষিকা ফারহানা আকতার। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে সম্প্রতি নিজ ঘরের উঠানে কথা বলার সময় আশপাশের কয়েকটি ঘর দেখিয়ে তিনি বলেন, এই বাড়ির ১১ ঘরের মধ্যে ১০ ঘরের টিনের চালে বসেছে সোলার প্যানেল। সন্ধ্যার পর এখন অন্ধকার নেমে আসে না এসব ঘরে।সন্দ্বীপে সরেজমিনে দেখা গেছে, সৌরবিদ্যুতের আলো আলোকিত করে রাখছে গাছগাছালিঘেরা ঘরবাড়ি। সেই আলোয় এখন লেখাপড়া করছে শিক্ষার্থীরা। কমছে কেরোসিনের ব্যবহার। বাড়িতে বাড়িতে প্রবেশ করেছে টেলিভিশন ও ল্যাপটপ। সন্দ্বীপ সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের আরিফুর রহমান জানালেন, ‘সৌরবিদ্যুতের আলোয় ল্যাপটপ চালানো যাচ্ছে। পড়াশোনা এবং জানার প্রয়োজনে এখন সহজেই ইন্টারনেট ব্যবহারেরও সুবিধা পাচ্ছি।’ আজিমপুরে উপকূলীয় এলাকায় গিয়ে দেখা যায়, বাড়ির টিনের চালে ঠাঁই পাচ্ছে সোলার প্যানেল। ইউনিয়নের দক্ষিণ-পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাকসুদুর রহমানের দাবি, সৌরবিদ্যুত্ শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখছে।সৌরবিদ্যুত্ আসার আগে সরকারি জেনারেটরের বিদ্যুত্ চোখে দেখেছে শুধু উপজেলা সদরের গুটি কয়েক বাসিন্দা। বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ১৯৭২ সালে ডিজেলচালিত ২ দশমিক ৬৪ মেগাওয়াট ক্ষমতার জেনারেটর থেকেই রাতে কয়েক ঘণ্টা করে এই বিদ্যুত্ সরবরাহ করে আসছিল। এই বিদ্যুতের নাগাল পেত ৪৩২ পরিবার। কিন্তু প্রায় অকেজো হয়ে থাকায় সদরের বাসিন্দারাও দুর্ভোগে পড়ত বেশি। সৌরবিদ্যুত্ আসার পর এখন সদরের বাসিন্দারাও সৌর প্যানেলের ওপর নির্ভর হয়ে পড়েছে। সরকারি বিদ্যুত্ আসা-যাওয়ার ঠিক না থাকলেও চিন্তা নেই তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, এই দ্বীপে ২০০১ সালে প্রথম সৌর প্যানেল বসানোর কাজ শুরু করে বেসরকারি সংস্থা গ্রামীণ শক্তি। তবে শুরুর দিকে সৌরবিদ্যুতের গ্রাহক হতে তেমন আগ্রহ ছিল না দ্বীপবাসীর। ২০০৭ সালের পর থেকে মূলত গ্রাহক বাড়তে থাকে। বর্তমানে দ্বীপের অর্ধেকের বেশি ঘরে আলো জ্বলছে সৌরবিদ্যুতের। সৌরবিদ্যুত্ কর্মসূচিতে অর্থায়নকারী সরকারি প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বা ইডকল ও বেসরকারি সংস্থাগুলোর হিসাবে এখন পর্যন্ত উপজেলার ৩১ হাজার ৭৮৭ পরিবার সৌরবিদ্যুত্ ব্যবহার করছে। ইডকলের অর্থায়নে আটটি সহযোগী সংস্থা সহজ কিস্তিতে সোলার প্যানেল বিক্রি করছে।বেসরকারি সংস্থা গ্রামীণ শক্তির সন্দ্বীপের আঞ্চলিক ব্যবস্থাপক শাহীন খান বলেন, প্রতি মাসে এখন গড়ে ৫০০ থেকে সাড়ে ৫০০ পরিবার সৌরবিদ্যুতের গ্রাহক হচ্ছে।