
পুরোনো ধাঁচের সিআরটি মনিটরের টিভি সেট দ্রুত বিদায় নিচ্ছে। অনেক বাসাবাড়িতেই এখন এলসিডি আর এলইডি পর্দার আধুনিক টিভি। কিন্তু বিভিন্ন চ্যানেলের ছবি আগের মতোই নিম্নমানের।
এ বছরের মধ্যে বদলে যাবে টিভি দেখার পুরোনো অভিজ্ঞতা। ‘ডিশ টিভি’ নামক এত দিনকার সেবাব্যবস্থাটি বিদায় নিচ্ছে। অন্তত তিন রকম নতুন সেবা বাজারে আনছে বিভিন্ন প্রতিষ্ঠান। রাজধানীর ৪০ লাখ টিভি সেটে পৌঁছে যাওয়ার জন্য এসব প্রতিষ্ঠানের মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। কেননা মাসে প্রায় হাজার কোটি টাকার ব্যবসা এই খাতে।
এরই মধ্যে ডিজিটাল কেব্ল টিভি সেবার বাজারে নেমে পড়েছে বেঙ্গল ডিজিটাল ও ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড। কেব্ল অপারেটরদের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি এই সেবা দিয়ে আসছে। স্থানীয় অনেক কেব্ল অপারেটরও নিজস্ব ব্যবস্থাপনায় ডিজিটাল কেব্ল সেবা দিয়ে আসছে। সব মিলিয়ে রাজধানী ঢাকায় ডিজিটাল কেব্ল টিভি সেবার ক্রেতার সংখ্যা ১০ হাজারের মতো। এ ছাড়া কেব্ল অপারেটর ছাড়াই ক্রেতাদের জন্য তাঁদের বাসস্থানে ডিশ অ্যান্টেনা স্থাপন করে সেট টপ বক্স দিয়ে ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেবা চালু করে দিয়েছে বেক্সিমকো কমিউনিকেশনসের রিয়েল ভিউ। ডিটিএইচ সেবা শুধু ঢাকায় নয়, সারা দেশেই পাওয়া যাবে। তবে এখন এই ডিটিএইচ সেবা নেওয়ার জন্য একজন গ্রাহকের খরচ হবে প্রায় ছয় হাজার টাকা।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ডিজিটাল কেব্ল টিভির জন্য সেট টপ বক্স ঢাকা ও চট্টগ্রামে বাধ্যতামূলক করার কথা বলেছেন। এতে প্রতি মাসে ৯ কোটি টাকা এবং বছরে ১০৮ কোটি টাকা রাজস্ব পাবে সরকার। সেট টপ বক্সে কয়েক শ চ্যানেল দেখা যাবে। তা ছাড়া কোনো কাজে ব্যস্ত থাকলে দর্শকেরা তাঁদের পছন্দের অনুষ্ঠান সেট টপ বক্সে পেন ড্রাইভ বা পোর্টেবল হার্ডডিস্কে রেকর্ড করতে পারবেন। পরে অবসর সময়ে তা দেখা যাবে। তবে পাইরেসি করা যাবে না। তা ছাড়া একই সময়ে একটি টিভি সেটে একাধিক চ্যানেল দেখতে পারবেন দর্শকেরা। হাই ডেফিনিশন (এইচডি) চ্যানেল, ভিডিও অন ডিমান্ডসহ নানা সুবিধাও পাওয়া যাবে এই সেট টপ বক্সের মাধ্যমে।
গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসন বাংলাদেশের তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় দেড় কোটি বাড়িতে কমপক্ষে একটি করে টিভি সেট রয়েছে। এর মধ্যে ৭৫ শতাংশ বাড়িতে আছে কেব্ল টিভি সংযোগ। সেই হিসাবে ১ কোটি ১০ লাখ বাড়িতে কেব্ল টিভি সংযোগ রয়েছে। বর্তমানে রাজধানী ঢাকায় ছোট-বড় মিলিয়ে ৪০০ কেব্ল অপারেটর।
ইউসিএসের ব্যবস্থাপনা পরিচালক ও কেব্ল অপারেটরদের সংগঠন কোয়াবের সাবেক অর্থ সম্পাদক সৈয়দ মোশারফ আলী প্রথম আলোকে বলেন, ঢাকায় প্রতি পাঁচজনের জন্য গড়ে একটি করে টিভি সেট রয়েছে। সেই হিসাবে প্রায় ২ কোটি জনবসতির শহর ঢাকায় প্রায় ৪০ লাখ টিভি সেট। তিনি বলেন, করসহ একটি সেট টপ বক্সে সাড়ে তিন হাজার টাকার কম মূল্যে বিক্রি করা যায় না। এটিকে আইসিটি খাতে অন্তর্ভুক্ত করে কর কমানো হলে সেট টপ বক্সের দামও কমে আসবে। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম প্রথম আলোকে জানান, প্রতিটি সেট টপ বক্সের আমদানি শুল্ক হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ।
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ডিজিটাল কেব্ল টিভি সেবায় একটি শৃঙ্খলা আসবে। সরকার রাজস্ব পাবে বেশি। দর্শকও পছন্দের চ্যানেল বেছে নিতে পারবেন। তবে সেট টপ বক্সের দাম তিন হাজার টাকা দর্শকের জন্য অনেক বেশি। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান যাতে একচেটিয়া ব্যবসা করে গ্রাহকদের জিম্মি করতে না পারে, সে জন্য সব এলাকার সব প্রতিষ্ঠানকে ব্যবসা করার সুযোগ দিতে হবে।