বদলে যাচ্ছে নাগরিক জীবনের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের বাসিন্দা শওকত ইমাম কাজ করেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে। স্ত্রী, সন্তান, বাবা-মাসহ নয়জনের সংসারে বাজার করার দায়িত্বটা তাঁর ঘাড়েই। বাসার খুব কাছে আছে কৃষি মার্কেট কাঁচাবাজার। তবে পরিবারের প্রয়োজনীয় সব বাজারই তিনি দুটি সুপারশপ থেকে করেন। সাপ্তাহিক ছুটির দিন শুক্র অথবা শনিবারে তিনি বাজার করার এ কাজটি করেন।
মোহাম্মদপুরে কৃষি মার্কেট বা টাউন হলের মতো দুটি বড় কাঁচাবাজার থাকতে কেন সুপারশপে বাজার সারেন—এমন প্রশ্নের জবাবে শওকত ইমাম বলেন, ‘কৃষি মার্কেটে গেলে বাজার করতে লাগে এক থেকে দেড় ঘণ্টা, সুপারশপে লাগে বড়জোর আধঘণ্টা। দাম ক্রেডিট কার্ডে দেওয়া যায়, তাই নগদ টাকা না থাকলেও সমস্যা নেই, পরের মাসে শোধ করা যায়। আর পণ্যের দামের ক্ষেত্রেও খুব একটা পার্থক্য নেই।’
শওকত ইমামের মতো অনেকেই এখন চাল, ডাল, তরিতরকারি, মাছ-মাংসের কাঁচাবাজার করেন সুপারশপ থেকে। সুপারশপ থেকে কাঁচাবাজার করার এই চল অনেকটা নতুন। সময় ও স্বাচ্ছন্দ্যের পাশাপাশি দাম সাধারণ বাজারের মতো হওয়ায় সুপারশপ থেকে মানুষের কাঁচাবাজার করার প্রবণতা বাড়ছে।
সুপারশপে কাঁচাবাজার করতে ক্রেতাদের আগ্রহ যে বাড়ছে, সেটি উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোও স্বীকার করছে। দেশের অন্যতম চেইন সুপারশপ স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান প্রথম আলোকে বলেন, স্বপ্নর মাধ্যমে এখন প্রতিদিন গড়ে ৩০ হাজার ক্রেতা কেনাকাটা করেন। স্বপ্ন থেকে মাসে কমপক্ষে একবার কেনাকাটা করেন, এমন পরিবারের সংখ্যা পাঁচ লাখ। প্রতিবছরই এ সংখ্যা ৩৫ থেকে ৪০ শতাংশ হারে বাড়ছে। আরেকটি সুপারশপের পণ্যতালিকা ঘেঁটে দেখা গেল, গতকাল মাঝারি আকারের একটি ফুলকপির দাম ছিল ২২ টাকা। সাধারণ বাজারে যা ২০ টাকা। আবার খোলাবাজারে ভারতীয় পেঁয়াজের কেজি ৩০ থেকে ৪০ টাকা। সুপারশপেও তাই। আলু, আদা, রসুন, লাউ, বেগুন, পেঁপের মতো সবজির দামও এখানে সাধারণ বাজারের মতোই।
মূলত সুপারশপের কারণে নাগরিক জীবনের বাজার করার চিত্রটিও বদলে যাচ্ছে। ঢাকায় বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকজনের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তাঁরা জানান, ব্যস্ততার কারণে সপ্তাহের এক দিনই তাঁরা সাধারণত কাঁচাবাজার করেন। অফিস থেকে ফেরার পথে বা বাসার সামনের সবজির ভ্যানগাড়ি থেকেও অনেকে সবজিসহ নানা পণ্য কেনার কথা জানান।
পণ্যের দরদাম: কারওয়ান বাজারে গতকাল বৃহস্পতিবার প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। নতুন দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা, পুরোনো দেশি পেঁয়াজ প্রতি কেজির দাম ৬০ টাকা। দেশি পেঁয়াজের দামের এ পার্থক্যের কারণ সম্পর্কে এক বিক্রেতা জানান, পুরোনো পেঁয়াজটা অনেক দিন রেখে খাওয়া যায়, এ জন্য দাম বেশি।
প্রতি কেজি আলু আগের সপ্তাহের মতোই ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শীতের সবজির মধ্যে ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ১৫ থেকে ২৫ টাকা, বেগুন প্রতি কেজি ২০-২৫ টাকা, টমেটো প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ব্রয়লার মুরগির কেজি গত সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ১৩০-১৪০ টাকা হয়েছে। চিনির দাম প্রতি কেজিতে ৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ টাকায়। তবে মাছ ও গরু-খাসির মাংসের দাম আগের মতোই আছে।