বদলে যাচ্ছে পদ্মাপারের জীবন
শামসুল মিয়ার বয়স প্রায় ৮০ বছর। মুন্সিগঞ্জের পদ্মাপারের মাওয়া চৌরাস্তা থেকে বাঁ দিকের সড়ক ধরে কুমারভোগের দিকে একটু এগোলেই তাঁর পৈতৃক বসতভিটা। এখানেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শামসুল মিয়ার বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে তাঁর সঙ্গে কথা হচ্ছিল। বয়সের কারণে চোখে কিছুটা কম দেখেন তিনি। চা খেতে খেতে আলাপ জমে উঠল আমাদের। প্রশ্ন করলাম, ‘এই জীবনে কখনো ভেবেছিলেন পদ্মা নদীতে সেতু হবে?’ একটু জোরের সঙ্গেই জবাব দিলেন, ‘পদ্মার ওপর সেতু হবে, এটা কল্পনার বাইরে ছিল।’
এভাবেই পদ্মা সেতু শামসুল মিয়ার কল্পনাকে হার মানিয়েছে। তাঁর মতো ওই অঞ্চলের বয়োজ্যেষ্ঠদের কাছে পদ্মা সেতু যেন অবিশ্বাস্য স্বপ্নের নাম।
অন্যদিকে তরুণদের কাছে পদ্মা সেতু নিজের স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার নাম। দুপুরে কথা হলো দক্ষিণ মেদিনীমণ্ডলের তুহিন মোল্লার সঙ্গে। ২৩ বছর বয়সী তুহিন মোল্লা পেশায় স্যানিটারি মিস্ত্রি। তাঁর গল্পটা একটু ভিন্ন। ১০ বছর আগে যখন পদ্মা সেতুর কাজ শুরু হয়নি, তখন বাবার সঙ্গে পদ্মায় মাছ ধরতে যেতেন কিশোর তুহিন। সেতুর কাজ শুরুর পর বাপ-দাদার পেশায় থাকেননি। পদ্মা সেতুকে কেন্দ্র করে মাওয়া অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগে। দালানকোঠা উঠতে থাকে। তাই স্যানিটারি মিস্ত্রির কাজ শেখেন। এখন রোজগারও বেশ ভালো।
তুহিন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘সেতু চালু হলে ওপারের শিবচর, ভাঙা এলাকায় দালানকোঠা বানানো বাড়বে।’ তখন সেখানেও কাজ করার স্বপ্ন দেখেন তুহিন মোল্লা।
এভাবে পদ্মাপারের সন্তানদের আশা দেখাচ্ছে সেতু। পদ্মা সেতু বদলে দিচ্ছে এই অঞ্চলের মানুষের জীবন। জীবনে লাগছে আধুনিকতার ছোঁয়া।
ব্যবসা-বাণিজ্য বাড়ছে
পদ্মা সেতুর কারণে মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় জিনিসপত্রের চাহিদা বেড়ে গেছে। চন্দ্রের বাড়ি এলাকায় ছোট মুদিদোকান দিয়েছেন বিল্লাল হোসেন। ছয় বছর আগেও তিনি বেকার ছিলেন। প্রবাসী ভাইদের পাঠানো টাকায় সংসার চলত। ছয় বছর আগে মুদি ব্যবসায় নেমেছেন। আয়–রোজগার বেশ ভালো। স্ত্রী, মা, দুই সন্তান নিয়ে মোটামুটি ভালো চলছে।
পদ্মা সেতুর কাজ যত এগিয়ে যাচ্ছে, ততই সেখানে পর্যটকদের ভিড় বাড়ছে। শুক্র-শনিবার পদ্মা সেতুর অগ্রগতি দেখার পাশাপাশি নদীতে ঘোরাঘুরির জন্য ভিড় জমান আশপাশের লোকজন। মাওয়া ঘাটে ইলিশ খেতে রাজধানী থেকে বহু লোক সেখানে যান।
পর্যটন ব্যবসার সুযোগকে কাজে লাগিয়েছেন যশলদিয়া এলাকার মোহাম্মদ জামির। এক বছর আগে ৩০-৩৫ জনের লোক পরিবহনে সক্ষম একটি ট্রলার নামিয়েছেন। পুরোনো মাওয়া ঘাট থেকে ঘণ্টা হিসাবে ভাড়ায় চালান। ঘণ্টাপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকা নেন। গতকাল দুপুরে মোহাম্মদ জামির প্রথম আলোকে বলেন, শুক্র-শনিবার যা আয় হয়, তা দিয়ে সারা সপ্তাহ বেশ ভালোই চলে। সপ্তাহের অন্যদিনও আয় মোটামুটি ভালো।
ক্ষতিগ্রস্তরা ভালো আছেন
দুই দশক আগে শিমুলিয়ার পদ্মাপারের চর এলাকায় সাত্তার ব্যাপারীর ৭০ শতাংশ কৃষিজমি ছিল। বসতভিটা ছিল ২১ শতাংশের। এক দশক আগে পদ্মা সেতুর জন্য তাঁর সব জমি অধিগ্রহণ করা হয়েছে। তখন ভূমিহীন হয়ে পড়েন তিনি। সাত বছর আগে কুমারভোগ পুনর্বাসন এলাকায় সাড়ে ৭ শতাংশের একটি প্লট পান। আর ক্ষতিপূরণ হিসেবে ১২ লাখ টাকাও পেয়েছেন। সেই টাকায় ওই প্লটে দালান করেছেন। তিনি প্রথম আলোকে জানিয়েছেন, পরিবার নিয়ে বেশ সুখে আছেন তিনি।
কুমারভোগ এলাকার পুনর্বাসন সাইটে সব মিলিয়ে সাড়ে চার শ পরিবার থাকে। গতকাল সরেজমিন দেখা গেছে, কিছু প্লটে একতলা ও দোতলা বাড়িও উঠেছে। আয়-রোজগার বেড়ে যাওয়ায় তাঁদের জীবনযাত্রা বদলে গেছে। অনেকের বাড়ির সামনে মোটরসাইকেলও দেখা গেছে। অথচ তাঁরা সবাই ভূমিহীন ছিলেন।
পদ্মা সেতু প্রকল্পে কাজ
পদ্মা সেতুতে সাত-আট হাজার শ্রমিক কাজ করেন। তাঁদের অর্ধেকের বেশি আশপাশের এলাকার। যখনই কেউ বেকার হন, পরিচিতজনদের মাধ্যমে ঢুকে পড়েন পদ্মা সেতুর কাজে।
তাঁদের একজন শিমুলিয়ার বাসিন্দা সাদ্দাম হোসেন। পদ্মা সেতুর এই নির্মাণশ্রমিক আগে পুরান ঢাকায় ট্রাকের ওয়ার্কশপে কাজ করতেন। করোনার কারণে বেকার হয়ে পড়েন। দুই মাস ধরে পদ্মা সেতু প্রকল্পে শ্রমিকের কাজ করছেন। মাস শেষে ওভারটাইমসহ ১৫ হাজার টাকার মতো আয় হয় তাঁর। নিজের বাড়িতে থেকে মাসে ১৫ হাজার টাকা দিয়ে সংসার ভালোই চলে যায়—গতকাল প্রথম আলোকে বললেন তিনি।