বদলে যাচ্ছে প্রচলিত খাবারের খাদ্যমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে মাটির উর্বরতা। আর এর প্রভাব পড়ছে খাদ্যমানের ওপর। অর্থাৎ পরিবর্তিত হচ্ছে খবারে শর্করা, আমিষসহ ভিটামিনের পরিমাণ। কিন্তু বাংলাদেশের প্রচলিত খাবারের খাদ্যমানের কোনো সম্পূর্ণ তথ্যভান্ডার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের আওতায় এখন তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ খাদ্যমানের তালিকা। আগামী সেপ্টেম্বরে এ কাজ শেষ হবে।গত দুই বছরে প্রাথমিকভাবে ৭৫টি খাদ্যের খাদ্যমান বের কার হয়েছে। অর্থায়ন অব্যাহত থাকলে এ সংখ্যা হাজারে উত্তীর্ণ করা হবে। গবেষণায় দেখা যায়, সেদ্ধ চালে প্রোটিনের পরিমাণ আছে ৭ দশমিক ৮ শতাশ। কিন্তু প্রচলিত তথ্যে তা আছে ৬ দশমিক ৪ শতাংশ। মসুর ডালে প্রোটিনের পরিমাণ ছিল ২৩ দশমিক ৯ শতাংশ। গবেষণায় দেখা যায়, এর পরিমাণ হবে ২৫ শতাংশ।গবেষণাকাজের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক শেখ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৯৮৬ সালে এই ইনস্টিটিউটের আওতায় খাদ্যমানের একটি তালিকা তৈরি করা হয়। কিন্তু ওই তালিকায় খাদ্যের সব উপাদানের তথ্য ছিল না। এ ছাড়া খাদ্যমানগুলো নির্ধারণ করা হয়েছিল ৪০ বছরেরও বেশি সময় আগে।জানা গেছে, খাদ্যমানের তালিকা তৈরি করতে খাদ্য বাছাইয়ের ক্ষেত্রে প্রথমে দেশের ছয়টি বিভাগের প্রতিটি থেকে ২০০ পরিবারকে বাছাই করা হয়। এর মধ্যে প্রতি বিভাগ থেকে দুটি জেলা নির্বাচন করা হয়। এই ১২ জেলার প্রত্যেকটি থেকে ১০০টি করে পরিবার বাছাই করা হয়। এর মধ্যে ৫০টি গ্রামের এবং ৫০টি শহুরে পরিবার। এ ছাড়া আদিবাসীদের খাবারের খাদ্যমান যাচাইয়ের জন্য আদিবাসী ৮০০টি পরিবার বেছে নেওয়া হয়।নজরুল ইসলাম বলেন, দেশে ১৪১ প্রজাতির শাক, ২৫ প্রজাতির সবজি ও ২৬০ থেকে ৫০০ প্রজাতির মাছ রয়েছে। এসব প্রজাতি থেকে সার্বক্ষণিক ব্যবহূত ৭৫টি খাদ্য নির্বাচন করা হয়। এর মধ্যে ৫৩টি দেশি ও ২২টি আদিবাসী খাবার।প্রতিটি খাবারের ২৩টি উপাদানের মান বের করা হয়েছে। এর মধ্যে আছে আমিষ, শর্করা, স্নেহ, আঁশ, তরল, ভিটামিন, কপার, জিংক, আয়রন, ক্যালসিয়ামের মতো উপাদান। ভিটামিনের ক্ষেত্রে রয়েছে ভিটামিন সি, ক্যারোটিনয়েডস ও ভিটা ক্যারোটিন। এ ছাড়া বি ক্যারোটিন বের করা প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিটি খাদ্যের আটটি তরল উপাদানের পরিমাণ বের করা হয়েছে।নজরুল ইসলাম বলেন, সাধারণ মানুষ ভাবে, আপেল, আঙুরের মতো বিদেশি খাবারে বেশি খাদ্যমান পাওয়া যায়। কিন্তু এ তথ্যভান্ডার থেকে দেশীয় খাবারের খাদ্যমানও যে অনেক বেশি, তা তারা জানতে পারবে। ফলে দেশীয় ফলমূল ও খাবারের প্রতি আরও আকৃষ্ট হবে তারা।বাংলাদেশ সরকার, ইউএসএইড, ইউরোপীয় কমিশন ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগানাইজেশনের অর্থায়নে ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেনদেনিং প্রোগ্রামের আওতায় এ গবেষণাকাজ পরিচালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউিট, ফার্মাসিউটিক্যাল ক্যামিস্ট্রি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োক্যামিস্ট্রি ও বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের ১০ জন গবেষক এতে কাজ করছেন।