বদলে যাচ্ছে সীমান্ত ও রূপসা ট্রেন
আর দুদিন পর বদলে যাচ্ছে সীমান্ত জনপদ চিলাহাটি-খুলনা রুটে চলাচলকারী রূপসা ও সীমান্ত নামের দুটি আন্তনগর ট্রেন। পুরোনো ও জরাজীর্ণ আর লক্কড়ঝক্কড় কোচগুলো পরিবর্তন করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের সবচেয়ে ব্যবসাসফল ও যাত্রীদের কাছে জনপ্রিয় রূপসা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন দুটি সৈয়দপুর থেকে খুলনা রুটে চলাচল করত। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ট্রেন দুটির গন্তব্য পুনর্নির্ধারণ করা হয়। সৈয়দপুর থেকে ৫৫ কিলোমিটার দূরবর্তী নীলফামারীর সীমান্ত জনপদ চিলাহাটি পর্যন্ত গন্তব্য সম্প্রসারণ করা হয়েছে। সংকটের কারণে ওই ট্রেন দুটিতে জরাজীর্ণ কোচ ব্যবহার করা হচ্ছিল। ফলে আশানুরূপ যাত্রীসেবা মিলছিল না। যাত্রীরা দীর্ঘদিন ধরে ওই ট্রেন দুটিতে নতুন কোচ সংযোজনের দাবি জানিয়ে আসছিলেন।
রেলওয়ের একজন প্রকৌশলী জানান, ২৫ এপ্রিল থেকে বদলে যাবে ট্রেন দুটি। পুরোনো কোচের স্থলে সংযোজন করা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আনা সাদা রঙের কোচ। ১২টি কোচ নিয়ে বিশাল ওই ট্রেনবহর (র্যাক) চলবে খুলনা-চিলাহাটি রুটে। ট্রেন দুটিতে আসনসংখ্যা রাত্রিকালীন ৮৬৫ ও দিনে ৮৯০টি। এর মধ্যে রাতে তাপানুকূল ২৩টি শয়ন আসন (বাথ) ও ৮০টি চেয়ার রয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল মহসী আজ প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্ত ও রূপসা এক্সপ্রেসে কোচ পরিবর্তন হচ্ছে। ভবিষ্যতে এই অঞ্চলের অন্যান্য ট্রেনেও নতুন কোচ দেওয়া হবে।
সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার আবুল কাশেম জানান, কোচ পরিবর্তনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন করে আসনবিন্যাস করা হয়েছে। সে অনুসারে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।