‘সিলেটের সুন্দরবন’ হিসেবে পরিচিত রাতারগুলের জলার বন রক্ষায় ‘বন্য প্রাণীর অভয়ারণ্য’ করার প্রস্তাব করেছে বন বিভাগ। প্রস্তাবিত এই প্রকল্পে বনায়নের জন্য রাখা হয়েছে মাত্র ৩০ লাখ টাকা। উন্নয়ন খাতে বাকি অর্থ ব্যয় ধরা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাতারগুলের জলার বনের রূপান্তর ঘটতে পারে। বদলে যেতে পারে বনের প্রকৃতি।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) একটি পরিদর্শক দল রাতারগুল পরিদর্শন করে। দলে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাপার সহসভাপতি সুলতানা কামাল। তিনি প্রথম আলোকে বলেন, সমন্বিত ও সঠিক পরিকল্পনার মাধ্যমে রাতারগুলের উন্নয়ন করতে হবে। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় স্থানীয় জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে।সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের রাতারগুল দেশের একমাত্র ‘সোয়াম্প ফরেস্ট’ বা ‘জলার বন’ হওয়ায় ১৯৭৩ সালে সংরক্ষিত ঘোষণা করে বন বিভাগ। নদী ও হাওরবেষ্টিত ৫০৪ দশমিক ৫০ একর আয়াতনের পুরো এলাকা প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণীয় জায়গা।সম্প্রতি রাতারগুলে পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিসহ পরিবেশবাদীরা বন বিভাগের সংরক্ষণব্যবস্থা জোরালো করার দাবি তোলেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার দপ্তর ‘রাতারগুল বন্য প্রাণী অভয়রাণ্য স্থাপন ও উন্নয়ন’ নামে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠায়।প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা হিজল-করচ-বরণগাছের পাশাপাশি বেত, ইকরা, খাগড়া, মূর্তা ও শণজাতীয় বন রাতারগুলকে জলার বন হিসেবে অনন্য করেছে। ৭৩ প্রজাতির উদ্ভিদের সঙ্গে ২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ২০ প্রজাতির সরীসৃপ, ১৭৫ প্রজাতির পাখি ও নয় প্রজাতির উভচর প্রাণীর অস্তিত্ব রয়েছে এই বনে। এই সম্পদ রক্ষায় জলার বনকে বন্য প্রাণীর অভয়ারণ্যে রূপান্তর ও উন্নয়ন করা প্রয়োজন।প্রকল্পের ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ৬১ লাখ টাকা। বন অধিদপ্তর থেকে থোক বরাদ্দের মাধ্যমে এ অর্থ ছাড়ের প্রস্তাব করা হয়েছে। এতে বনায়ন খাতে ৩০ লাখ টাকা, সরবরাহ ও সেবা খাতে ২৫ লাখ টাকা, মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ৩৩ লাখ টাকা, সম্পদ সংগ্রহ ও ক্রয় বাবদ ৫৮ লাখ টাকা এবং নির্মাণ ও পূর্ত খাতে চার কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। পুরো প্রকল্পে ৩০ লাখ টাকার বনায়ন ছাড়া জলার বনের সমৃদ্ধির জন্য আর কোনো খাত নেই।প্রস্তাবিত প্রকল্প পর্যবেক্ষণ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল প্রথম আলোকে বলেন, ‘বাস্তবতার নিরিখে এই প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়নি। রাতারগুল একটি জলার বন। বন্য প্রাণীর অভয়ারণ্য করা হলে জলার বনের প্রকৃতি পরিবর্তন হবে। আমরা কোনো রূপান্তর চাই না, চাই সংরক্ষণ দৃঢ় হোক।’তবে সিলেট বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আবুল বাশার মিয়া দাবি করেন, জনপ্রতিনিধি ও পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেই প্রকল্পটি তৈরি করা হয়েছে। রূপান্তর নিয়ে আপত্তি থাকলে বিষয়টি ফের মূল্যায়ন করা যেতে পারে।