দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় বদিউজ্জামান বাদশাকে বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতির পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে বদিউজ্জামান এ সিদ্ধান্তকে গঠনতন্ত্রের পরিপন্থী হিসেবে দাবি করেছেন। কৃষক লীগের সভাপতি ও সম্পাদক ৯ জানুয়ারি বদিউজ্জামানকে ওই চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়, শেরপুরের নকলা-নালিতাবাড়ী নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায়, বাংলাদেশ কৃষক লীগের গঠনতন্ত্রের বিধান মোতাবেক তাঁকে (বদিউজ্জামান বাদশা) দলের সহসভাপতির পদ থেকে সরাসরি বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত ৫ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।
এদিকে বদিউজ্জামান সংগঠনের সভাপতি ও সম্পাদকের নেওয়া বহিষ্কারের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রের পরিপন্থী উল্লেখ করে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সমেঞ্চলনের মাধ্যমে তাঁকে (বদিউজ্জামান) কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত করেন। নির্বাচনে অংশগ্রহণের কারণে তাঁকে কৃষক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বদিউজ্জামান কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।