বান্দরবানের আলীকদমে বদিউল আলম ওরফে বদির বিরুদ্ধে আনা ভূমি দখল ও কিছু আদিবাসী পরিবারকে উচ্ছেদ করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেনাবাহিনী, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি গতকাল বুধবার সরেজমিন এসব অভিযোগের সত্যতা পায়।
বদিউল আলমের ভূমি দখলের ব্যাপারে গত জুন মাসে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের তিন সদস্যের একটি তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বদিউল আলম আলীকদম-থানচি নির্মাণাধীন সড়কের আশপাশের প্রায় ১০ হাজার একর জমি অবৈধভাবে দখল করেছেন।
সেনাবাহিনীর আলীকদম জোনের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবীর জানান, বদিউল আলমের ভূমি দখলের ব্যাপারে আঞ্চলিক পরিষদের তদন্ত প্রতিবেদনটি সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেটি আরও সত্যভিত্তিক করার জন্য উপজেলা পর্যায়ে তদন্ত কমিটি করা হয়েছে। এতে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মৌজার হেডম্যানসহ সবাইকে রাখা হয়েছে। আলমগীর কবীর আরও জানান, সরেজমিন ভূমি দখলের প্রমাণ পাওয়া গেছে। তবে আঞ্চলিক পরিষদের প্রতিবেদনে ১০ হাজার একর জমি দখলের কথা বলা হলেও দখল করা জমির পরিমাণ এত বেশি নয়। চারটি পাড়া উচ্ছেদ করার বিষয়টি সঠিক নয়। উক্লিং ম্রো পাড়া থেকে সাত-আটটি পরিবার অন্যত্র চলে গেছে। বদিউলের লোকজন যে পাড়ার কয়েকজনকে হুমকি দিয়েছেন, সে অভিযোগেরও সত্যতা পাওয়া গেছে। আদিবাসীরা দীর্ঘদিন ধরে বদিউলের বিরুদ্ধে আলীকদম-থানচি সড়কে পাশের ভূমি দখলের অভিযোগ করে আসছিলেন। তাঁরা ১৭ জুলাই বদিউলের রোপণ করা চারাগাছ উপড়ে ফেলেন।
এ বিষয়ে বদিউল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ইউএনও মোতাকাব্বীর আহমেদ জানান, বদিউল আলম জমি ইজারা নেওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু তাঁর নামে কোনো জমি ইজারা দেওয়া হয়নি। কয়েকজন ইজারাদারের কাছ থেকে তিনি আমমোক্তারনামা নিয়েছেন। সেগুলোর আইনগত বৈধতা আছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।