বদিকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদিকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সকাল ১০টায় তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক আহসান আলী। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সাংসদ দুদক কার্যালয়ে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই উপস্থিত হন।
আহসান আলী আজ সকালে প্রথম আলোকে জানান, অনুসন্ধানের শুরুতে দুদকের অনুসন্ধান দল কক্সবাজারে গিয়ে বদির আয়কর নথি ও হলফনামা জব্দ করে। ওই দলের সদস্যরা সেখানে সাংসদ বদির নামে-বেনামে প্রচুর সম্পদের তথ্য পেয়েছেন। কক্সবাজার, চট্টগ্রাম ও রাজধানীতে বদির নামে-বেনামে সম্পদের (গাড়ি-ফ্ল্যাট-গাড়ি) বিস্তারিত তথ্যের জন্য দুদকের পক্ষ থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ব্যাংকে বদির হিসাব ও আর্থিক লেনদেন জানতে বাংলাদেশ ব্যাংকের কাছেও চিঠি দেওয়া হয়েছিল। সেসব চিঠির পরিপ্রেক্ষিতে বেশ কিছু তথ্যের সপক্ষে দালিলিক প্রমাণও পাওয়া গেছে বলে তিনি জানান।
দুদকের এই উপপরিচালক আরও জানান, বদির ভাই-বোন ও দুই স্ত্রী এবং ছয়জন ঘনিষ্ঠ সহচরের নামেও বদির পক্ষ থেকে সম্পদ কিনে দেওয়ার তথ্য রয়েছে। এ ছাড়া বদির বিরুদ্ধে দুবাইয়ে অর্থ পাচারের প্রমাণও মিলেছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুসারে, ২০০৯ সালে প্রথমবারের মতো সাংসদ হওয়ার পরে আবদুর রহমান বদির আয় বেড়েছে ৩৫১ গুণ। আর নিট সম্পদ বেড়েছে ১৯ গুণের বেশি। টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য ও টেকনাফে জ্বালানি তেলের ব্যবসা করে বদি গত পাঁচ বছরে আয় করেছেন ৩৬ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪০ টাকা। এর আগে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামায় বদি জানান, তখন তাঁর বার্ষিক আয় ছিল দুই লাখ ১০ হাজার ৪৮০ টাকা। আর ব্যয় ছিল দুই লাখ ১৮ হাজার ৭২৮ টাকা।
গত ১২ জানুয়ারি বদিসহ সাত সাবেক সাংসদ ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের হঠাত্ বেড়ে যাওয়া সম্পদের বৈধতা খুঁজতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
বদির মতো বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ২৩ ফেব্রুয়ারি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও ২৪ ফেব্রুয়ারি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে জিজ্ঞসাবাদের জন্য হাজির হতে নোটিশ দিয়েছে দুদক।