বদিকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে দুদক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ আদালতে এ আবেদন করেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ২৬ অক্টোবর আবদুর রহমানের উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
আবেদনে বলা হয়, আবদুর রহমান নির্বাচন কমিশনে দেওয়া সম্পদ বিবরণী এবং দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে যে সম্পদের তথ্য দিয়েছেন, বাস্তবের সঙ্গে ওই বিবরণীর কোনো মিল নেই। তাঁর অবৈধ সম্পদের উৎস জানতে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগে দশম জাতীয় সংসদের নির্বাচনী হলফনামাকে ভিত্তি করে গত ২২ জানুয়ারি কমিশনের এক বৈঠকে বিগত সরকারের সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধান শেষে গত ২১ আগস্ট সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী তালুকদার মাহবুবুর রহমান ও আবদুর রহমানকে আসামি করে তিনটি মামলা করে দুদক। এই মামলায় মান্নান খান ইতিমধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন।
আবদুর রহমান বদির আইনজীবী নাসরিন সিদ্দিকা প্রথম আলোকে বলেন, আব্দুল মান্নান খানকে জামিন দেওয়া হয়েছে। এরও আগে বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী মোরশেদ খান, তাঁর স্ত্রী ও ছেলেকে হাকিম আদালত জামিন দেন। কিন্তু হাকিম আদালতের এখতিয়ার নেই বলে আবদুর রহমানের জামিনের বিরোধিতা করা হয়েছে।
আবদুর রহমান বদি বর্তমানে কারাগারে আছেন। মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এই মামলায় ১২ অক্টোবর আবদুর রহমান ঢাকার মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ১৬ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতেও তাঁর জামিনের আবেদন নামঞ্জুর হয়।